দেশের জনপ্রিয় অভিনেত্রী তিশা এখন নিয়মিতভাবেই অভিনয় করছেন বাণিজ্যিক চলচ্চিত্রে। এরই মধ্যে শাকিব খান ও আরিফিন শুভ অভিনয় করেছেন তিশার নায়ক হিসেবে। এবার তিশার নায়ক হচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম।
অনন্য মামুনের নতুন চলচ্চিত্র ‘তোর নামে লিখেছি হৃদয়’-এ তিশা ও সোহমকে জুটি হিসেবে দেখা যাবে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে কলকাতা থেকে এই তথ্য জানান, মামুন।
এছাড়া আরও অভিনয় করবেন— সুচরিতা, মিশা সওদাগর, ডন, কলকাতার খরাজ মুখার্জি, সুপ্রিয় প্রমুখ। এ মাসের শেষ দিকে শুরু হবে দৃশ্যধারণ। সিনেমাটির জন্য গান তৈরি করছেন হাবিব ওয়াহিদ, নাভেদ পারভেজ, আকাশ প্রমুখ।
‘তোর নামে লিখেছি হৃদয়’ প্রযোজনা করছে বাংলাদেশের এসএস মাল্টিমিডিয়া ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্ট। অনন্য মামুনের সঙ্গে পরিচালকের আসনে থাকবেন ওপার বাংলার ভুবন চ্যাটার্জি। যৌথ প্রযোজনায় এটি অনন্য মামুনের দ্বিতীয় ছবি। আগেরটি ছিলো ‘আমি শুধু চেয়েছি তোমায়’।
এমই





