সালমান খানের সিনেমা মানেই বক্স অফিসে সাফল্যের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া। এ বছরের জুলাই মাসে মুক্তি পাওয়া সালমানের বাজরাঙ্গি ভাইজান সিনেমাটি শুধু যে ২০১৫ সালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা তা নয়, বরঞ্চ বলিউডের ইতিহাসে সর্বাধিক ব্যবসাসফল সিনেমার তালিকায় ধুম থ্রি-কে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাজরাঙ্গি ভাইজান।
তবে ব্যাপক আলোচিত, প্রশংসিত ও ব্যবসা সফল এই সিনেমাটি সম্প্রতি নকলের বিতর্কে জড়িয়েছে। এর আগে শোনা গিয়েছিল সিনেমাটির বিখ্যাত কাওয়ালি ‘ভর দো ঝোলি মেরি’-র সুর এক পাকিস্তানি গান থেকে নকল করেছেন সুরকার প্রীতম। সেই বিতর্ক মিটতে না মিটতেই সামনে এসেছে নতুন বিস্ফোরক খবর- একটা গান নয়, বাজরাঙ্গি ভাইজান পুরো সিনেমাটিই নাকি টোকা!
সম্প্রতি এ দাবি করেছেন এক পরিচালক-চিত্রনাট্যকার-প্রযোজক মহিম যোশি। শুধু দাবি তুলেই থেমে থাকেননি মহিম, ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলাও করেছেন আদালতে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মহিমের দাবি, যে গল্প নিয়ে বাজরাঙ্গি ভাইজান সিনেমা করেছেন পরিচালক কবীর খান, তার চিত্রনাট্য অনেক আগেই তিনি নথিভুক্ত করিয়েছিলেন ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন কাউন্সিল এবং অ্যাসোসিয়েশন অব মোশন কাউন্সিলের অধীনে। তার চিত্রনাট্য নিয়ে সিনেমা করার কথা ছিল বিবেক ওবেরয়ের প্রযোজনা সংস্থা ইয়াশি মাল্টি মিডিয়ার।
কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, তারা সিনেমাটি তৈরিতে আগ্রহ দেখায়নি। এরপর বেশ খানিকটা সময় চলে যায় এবং মেয়াদ পেরিয়ে গেলে ইয়াশি মাল্টি মিডিয়ার সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় মহিমের। মহিমের চিত্রনাট্য তখন ভায়াকম ১৮ মোশন পিকচার্সের কাছে।
মহিম বলেন, এরপরে তিনি চমকে ওঠেন, যখন জানতে পারেন তার চিত্রনাট্যের গল্প নিয়েই তৈরি হয়েছে বাজরাঙ্গি ভাইজান। এমনকি তার বিস্ময় চরমে ওঠে এটা দেখে যে বাজরাঙ্গি ভাইজান-এর টিম কৃতজ্ঞতা স্বীকার করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্সের কাছে!
স্বাভাবিকভাবেই আর দেরি করেননি মহিম। সোজা আদালতে গিয়ে মামলা করেছেন। তারপরের ঘটনা এখনো পর্যন্ত রয়েছে মহিমের পক্ষেই। জানা গেছে, বিচারক বাজরাঙ্গি ভাইজান-এর গল্পের সঙ্গে মিলিয়ে দেখেছেন মহিমের চিত্রনাট্য।
তারপরে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে কথা বলার জন্য আদালতে ডেকে পাঠিয়েছেন বাজরাঙ্গি ভাইজান-এর পরিচালক কবীর খান, প্রযোজক রকলাইন ভেঙ্কটেশ আর রাজেশ ভট্ট এবং চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদকে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আদালতে হাজিরা দিতে হবে সালমান খানকেও।
জানা গেছে, ২১ অক্টোবর আদালতে হাজিরা দেবেন তারা।
এমআর





