শাহরুখ-দীপিকার জুটি মানেই আলোচিত সিনেমা। সেই ওম শান্তি ওম থেকে শুরু করে সর্বশেষ হ্যাপি নিউ ইয়ার পর্যন্ত দর্শক এ জুটির রসায়নে বুদ হয়েছে।
শাহরুখ-দীপিকার সিনেমা মানেই বিগ বাজেট, বড় সাফল্য; বক্স অফিস তোলপাড় করা ঝড়। আরো একবার তেমন একটি ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
তবে এ জুটির আবার এক সিনেমায় অভিনয়ের খবরের চাইতেও বেশি গুঞ্জন উঠেছে শাহরুখের সঙ্গে স্টুডেস্ট অব দ্য ইয়ার খ্যাত টিনসেলে নবাগত সুন্দরী আলিয়া ভাটের দেখা মিলবে, এমন খবরে।
নিশ্চিত হওয়া গেছে, এবারে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিতে যাচ্ছেন আনন্দ এল রাই।
সবকিছু ঠিকঠাক থাকলে আনন্দ এল রাইয়ের পরের সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে কাজ করতে যাচ্ছেন শাহরুখ খান।
একটি সূত্র থেকে জানা গেছে, এই সিনেমায় দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটকেও দেখা যাবে।
সূত্রটি বলেছে, ‘এই প্রকল্পের জন্য অনেকগুলো নাম ভাবা হয়েছিল। তবে সিন্ধান্ত হয়েছে গুরুত্বপূর্ণ চরিত্র দুটিতে জনপ্রিয় দুজনকে নেওয়া হবে।
সেক্ষেত্রে প্রথম পছন্দের তালিকায় রয়েছে দীপিকা ও আলিয়া নাম দুটি। সবকিছু পরিকল্পনা মতো হলে, তাদের দুজনকেই দেখা যাবে নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে।’
এ বিষয়ে দীপিকার বিশেষ আগ্রহ রয়েছে বলেও জানা গেছে। এবং তার ডেটও ফাঁকা রয়েছে। অন্যদিকে এ প্রকল্পে আলিয়াকেও পাওয়া যাবে বলে নিশ্চিত হওয়া গেছে।
আরেকটি সূত্র বলেছে, ‘তামাশা এবং বাজিরাও মাস্তানির পর দীপিকা অন্য কোনো সিনেমায় চুক্তি করেননি। সুতরাং এ সিনেমায় কাজ করতে তার কোনো সমস্যা নাই। আর আগামী নভেম্বরে শাহরুখের সঙ্গে গৌরী সিন্ধে সিনেমায় কাজ শুরু করছেন আলিয়া।
যাই হোক, রাইয়ের সিনেমাটির শুটিং নির্ভর করছে শাহরুখের গৌরী সিনেমার কাজের উপরে। ফলে এ নিয়ে আলিয়ারও কোনো সমস্যা হবে বলেই ধরে নেওয়া যায়। এই সিনেমাটির তারকাদের নামের তালিকা শিগগির-ই ঘোষণা করা হবে।’
এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে শাহরুখ এবং ইরোজ। সিনেমাটি প্রযোজনার জন্য সালমান খানকেও প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটের মুখপাত্র এই গুজবকে অস্বীকার করেছেন। এমন কি আনন্দ এল রাইয়েরও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমআর





