হলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক কাজী মারুফ। ওয়ার চাইল্ড শিরোনামের এ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে মারুফকে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের গুণী নির্মাতা কাজী হায়াৎ ও কানাডিয়ান চিত্র পরিচালক জন পজার। গল্প লিখেছেন- কাজী হায়াৎ। সংলাপ ও চিত্রনাট্য তৈরি রচনা করছেন কাজী হায়াৎ ও জন পজার।
এ উপলক্ষ্যে ৩ অক্টোবর কাজী মারুফ যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সিনেমা প্রসঙ্গে মারুফ বলেন, ‘ইংরেজি ভাষার এ সিনেমাটি বিশ্ব বাজারের জন্য নির্মিত হবে। নভেম্বর থেকে শুটিং শুরু হবে। এতে বাংলাদেশের কয়েকজন শিল্পীসহ বেশ কজন ভারতীয় শিল্পীও অভিনয় করবেন। এ ছাড়াও অন্য দেশের অভিনয় শিল্পীরাও থাকবেন।’
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এক যুদ্ধ শিশুর জীবন-যন্ত্রণা নিয়ে নির্মিত হবে যৌথ প্রযোজনার এ সিনেমাটি। এর নাম ভূমিকায় অভিনয় করবেন কাজী মারুফ। ওয়ার চাইল্ড সিনেমার গল্পে দেখা যাবে- স্বাধীনতা যুদ্ধের সময় একটি যুদ্ধ শিশুকে একজন শিখ কর্ণেল তার দেশে নিয়ে যান। শিখ হিসেবে শিশুটিকে বড় করে তুলে। পরে তার সঙ্গে প্রেম হয় একটি শিখ মেয়ের। মেয়েটিকে বিয়ে করতে গেলে, মেয়েটি ও তার পরিবার জানতে পারে ছেলেটি একটি যুদ্ধ শিশু ও মুসলিম। এ ঘটনা ছেলেটিও জানত না। তারপর টুপি ও পাঞ্জাবি পরে মুসলিম বেশে শিখ বাবার সামনে গিয়ে দাঁড়ায় ছেলেটি। শুরু হয় দ্বন্দ্ব, সংঘাত। এমন গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি।
সম্প্রতি ছিন্নমূল সিনেমার শুটিং শেষ করছেন মারুফ। বর্তমানে বেপরোয়া প্রেমীক, বিধস্তসহ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
জেআই





