ঘটনাটা এতদিন ধোঁয়াশা থাকলেও এখন তা দিনের আলোর মতোই পরিষ্কার। বলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা রানি মুখোপাধ্যায় সত্যিই মা হতে চলেছেন! সব কিছু ঠিকঠাক থাকলে রানি এবং আদিত্য চোপড়ার প্রথম সন্তান জন্ম নেবে ২০১৬-এর জানুয়ারি নাগাদ।

বিষয়টি প্রকাশ করেছেন রানির বৌদি তথা ছোটপর্দার অভিনেত্রী জ্যোতি মুখোপাধ্যায়। দু’মাস আগে ছুটি কাটাতে লন্ডনে গিয়েছিলেন রানি এবং আদিত্য। সেখানেই একটি সালোঁতে বিশেষ ধরনের মাসাজ নিতে দেখা যায় রানিকে। সাধারণত গর্ভাবস্থায় মহিলারা ওই ধরনের মাসাজ করিয়ে থাকেন।

তার পরই বলিউডের বাতাসে ভাসতে থাকে রানি কি সন্তান সম্ভবা? এ বার রানির পরিবারের তরফে সে খবরকেই স্বীকৃতি দেওয়া হল। জানা গেছে, লন্ডনে ছুটি কাটিয়ে গত সপ্তাহে মুম্বই ফিরেছিলেন রানি এবং আদিত্য। কিন্তু আবার কোথাও ছুটিতে গিয়েছেন তারা। কোথায় গিয়েছেন তা তাদের পরিবারের বাইরে কেউ জানেন না।

উল্লেখ্য, ২০১৪-র এপ্রিলে ইতালিতে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করেন রানি এবং আদিত্য। সেসময় নাকি ‘পাপারাত্জি’দের এড়াতেই দেশের বাইরে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই দম্পতি। তাই সন্তানসম্ভবা রানির খবরও এখনই প্রকাশ্যে জানাতে চাননি। ২০১৪-য় শেষ বার ‘মর্দানি’তে দেখা গিয়েছিল নায়িকাকে। আপাতত কেরিয়ারে তিনি দীর্ঘ বিরতি নেবেন বলেই মনে করছেন অনেকে।

ইআর