গত মাসে ফ্রান্সে অনুষ্ঠিত ভেসল আন্তর্জাতিক এশীয় চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনীত ৯টি ফিচার ফিল্মের একটি ছিল মেধাবী নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’।
সেই উৎসবেই প্রিমিয়ারসহ তিন ক্যাটাগরিতে পুরষ্কার জয়ের মধ্য দিয়ে শেষ হয় ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর যাত্রা। কিন্তু মাঝখানে একমাস না যেতেই এবার রুবাইয়াতের ছবিটির প্রিমিয়ার হতে চলেছে জার্মানিতেও।
নির্মাতাসূত্রে জানা গেছে, নারী দিবস উপলক্ষ্যে ৮ মার্চ থেকে ১৩ মার্চ ছয় দিনব্যাপী জার্মানের বার্লিন শহরে শুরু হচ্ছে শুধামাত্র নারী নির্মাতাদের উপস্থিতিতে তাদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী এবং সেমিনার। ‘বার্লিন ফেমিনিস্ট ফিল্ম উইক’-এ বিভিন্ন দেশের নারী নির্মাতার ছবির সঙ্গে প্রথমবার প্রদর্শীত হবে বাংলাদেশের ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’।
ছয় দিনব্যাপী সিনেমা প্রদর্শনী অনুষ্ঠানে সিনেমা নিয়ে নারী নির্মাতারা তাদের ভাবনা এবং তাদের নির্মিত সিনেমার পিছনের কাহিনী শোনাবেন আগত অতিথিদের। যেখানে নিজের নির্মিত সিনেমা ‘আন্ডার কনস্ট্রাকশন’ নিয়ে উপস্থিত থাকবেন রুবাইয়াত হোসেন।
১২ মার্চ বার্লিন সময় ৩টায় প্রদর্শীত হবে ছবিটি। রুবাইয়াত ছাড়াও সেখানে তারসঙ্গে উপস্থিত থাকবেন ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ভারতীয় অভিনেত্রী শাহানা গোস্বামী।
‘বার্লিন ফেমিনিস্ট ফিল্ম উইক’ ছাড়াও রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিটি আসছে এপ্রিলের ১ তারিখে ফ্রান্সের এশিয়ান আর্টের প্যারিস মিউজিয়ামে প্রদর্শীত হবে।
উল্লেখ্য, এই সময়ের টাটকা ঢাকা শহরের প্রেক্ষাপটে রয়া নামের মধ্যবিত্ত এক নারীর আত্মানুসন্ধানের গল্প ‘আন্ডার কনস্ট্রাকশন’। সিনেপ্লেক্স ছাড়া বাংলাদেশের আর কোনো সিনেমা হলে ছবিটি মুক্তি না দিলেও শিগগিরই পুরো বাংলাদেশে ছবিটি দেখানোর পরিকল্পনা করছেন নির্মাতা রুবাইয়াত। জানালেন, শুধু বিদেশের মাটিতেই নয় ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিটি পুরো বাংলাদেশে দেখানোরও ইচ্ছে আছে তার।





