শাহরুখ খান বলিউডে চলছে ‘কিং খান’ শাহরুখের জন্মদিনের মৌসুম। শুধু ভক্তদের মাঝেই নয় এই ‘শাহরুখ-জ্বর’ যেন ছড়িয়ে পড়েছে তাঁর তারকা সহকর্মীদের মাঝেও।

পঞ্চাশ তম জন্মদিনের প্রথম প্রহরেই বলিউড বাদশার বাড়ি মান্নাতের সামনে ঢল নেমেছিল সাধারণ ভক্তদের। তাঁদের পাশাপাশি খুদে ব্লগসাইট টুইটারে শুভেচ্ছার ঢল নামিয়েছেন তারকা ভক্তরাও।

#শুভজন্মদিন কিংখান হ্যাশট্যাগ দিয়ে চলছে তাঁকে অভিনন্দন জানানোর পালা।

অভিনেত্রী প্রীতি জিনতা তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘শুভ জন্মদিন শাহরুখ। অনেক অনেক ভালোবাসা, সৌভাগ্য, সুস্বাস্থ্য এবং ব্লক বাস্টার সিনেমা কামনা করি আমার সত্যিকারের নায়কের জন্য। যাকে আমি সত্যি অনেক ভালোবাসি এবং শ্রদ্ধা করি।’

হৃতিক রোশন টুইটারে লিখেছেন, ‘শুভ জন্মদিন এস আর কে (শাহরুখ খান)। আপনার সব ভক্তের আজ অনেক সুন্দর দিন কাটুক। আপনার এবং ‘রেড চিলিজ’-এর সবার দৃষ্টিভঙ্গির জন্য সাধুবাদ। বিষয়টা বেশ ভালো লেগেছে আমার।’

নির্মাতা করণ জোহর ব্যক্তিগত ভাবে এবং তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম ফিল্মসের পক্ষে দুটি ভিন্ন টুইটে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন। শাহরুখের সঙ্গে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাই। ‘ধর্ম ফিল্মস’-এর সবার পক্ষে থেকে ভালোবাসা।’

আরেক টুইটে শাহরুখকে করণ লিখেছেন, ‘চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমার যাত্রা শুরু করার একটি বড় কারণ ... আমি সব সময় এর জন্য কৃতজ্ঞ। শুভ ৫০তম জন্মদিন ভাই!!! তোমার স্বর্ণালি সময় একটি উপাখ্যান। বিশাল ভালোবাসা তোমার জন্য।’

আয়ুষ্মান খুরানা টুইট করেছেন, ‘তাঁর কারণেই আমি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছি। তাঁর কারণেই আমি পড়াশোনা করেছি গণযোগাযোগ বিষয়ে। তিনিই আমাকে ভালোবাসায় বিশ্বাসী করেছেন। শুভ জন্মদিন শাহরুখ স্যার।’

তাঁর পঞ্চাশতম জন্মদিনে বিশ্বের অসংখ্য ভক্তের ভালোবাসা এবং শুভেচ্ছার ঢলে আজ ভাসছেন এই ‘বলিউড বাদশা’। এনডিটিভি।

এমআর