বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আবারো মঞ্চায়িত হতে যাচ্ছে গৌড়নাট নাট্যদলের প্রথম প্রযোজনা ‘রাজার নতুন জামা’ নাটক। আগামীকাল সোমবার(২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নাটকটির তৃতীয় মঞ্চায়ন করবে দলটি।
বিদেশি নাট্যকার হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসনের এই নাটকটি বাংলাদেশের প্রেক্ষাপটে সহজ-সাবলীল ভাবানুবাদ করেছেন সমসাময়িক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান পুরোধা কবি আসাদ চৌধুরী। নির্দেশনায় রয়েছেন তরুণ নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মেহেদী ইসলাম সুমন।
নাটকের কাহিনীতে দেখা যায় রাজ্যের রাজার প্রিয় বস্তু নতুন পোশাক। রাজ্য গোল্লায় যাক। কিন্তু নিত্য নতুন পোশাক তার চাই। রাজার এই অতি বিলাসিতার কাজে সহায়তা করেন কিছু চাপাবাজ মন্ত্রী ও রাজপরিষদবর্গ। মহারাজ যাতে জনসেবার কথা ভুলেও চিন্তা না করেন; কেবল নিজস্বার্থ আর রাজদরবারে নিয়োজিত ব্যাক্তিবর্গের কল্যাণের কথাই ভাবেন সে ব্যাপারে বুদ্ধির পুরোটাই খরচ করেন এরা।
এমনি এক রাজার জন্মদিনের নতুন পোশাক তৈরির কথা শুনে দুই চালাক তাঁতি হাজির হন রাজদরবারে। অযোগ্য রাজা আর তার ধুরন্দর মন্ত্রিপরিষদবর্গের আসল চেহারা অতি সূক্ষ কৌশলে প্রজাদের সামনে উপস্থাপনের এই তো সুযোগ।
বুদ্ধির জোরে তাঁতিরা রাজাকে রাজি করাতে সক্ষম হন। রাজার এই পোশাকই বলে দেবে রাজ্যের কারা যোগ্য আর বোকা। এমন অভিনব পদ্ধতির কথা শুনে রাজামশাই তো বেজায় খুশি।
এমন সূত্র ধরেই নানা ঘটনার ঘনঘটার মধ্যদিয়ে এগুতে থাকে নাটকের কাহিনী। হাস্য-রসাত্মক উপাদানের মাধ্যমে সমাজ তথা রাষ্ট্রে মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা রাঘববোয়াল আর তেলবাজ ব্যক্তিবর্গের চেয়ারা ফুটে ওটে এতে।
ইআর/এমকে





