বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিএফডিসিতে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আদাজল খেয়ে নেমেছেন।
নির্বাচনের পর জায়েদ খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে গুরুতর বেশ কিছু অভিযোগ করেন কাঞ্চন প্যানেলের এ সদস্য।
এর পর ভোট কেনাবেচার অভিযোগ এনে জায়েদ খান ও চুন্নুর প্রার্থিতার ফল বাতিল চেয়ে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে লিখিত অভিযোগ করেন তিনি।
নিপুণের আবেদনের পর আপিল বিভাগের একটি আবেদন সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জেলা সমাজসেবা কার্যালয় হয়ে পুনরায় আপিল বিভাগের কাছে দিকনির্দেশনার জন্য আসে।
চিঠিতে বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্যপদে চুন্নুর প্রার্থিতার ফল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপিল বিভাগের চেয়ারম্যানের ওপর ক্ষমতা অর্পণ করা হয়েছে।
এখন কী জায়েদ ও চুন্নুর প্রার্থিতার ফল বাতিল হয়ে যাবে? এ ব্যাপারে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের বক্তব্য এখনও পাওয়া যায়নি। সিদ্ধান্ত পেতে আগামীকাল শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শনিবার বিকালে বাদী ও বিবাদী উভয়কে নিয়ে বিএফডিসিতে বসবেন আপিল বোর্ডের চেয়ারম্যান।
এ বিষয়ে গণমাধ্যমকে নিপুণ বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের অভিযোগগুলো আমলেই নেয়নি। বাধ্য হয়ে মন্ত্রণালয়ে গেছি আমরা। ডকুমেন্টসহ যে অভিযোগগুলো আমরা দিয়েছিলাম, তাতে পুরো নির্বাচনের ফলই বাতিল হওয়ার কথা বলেছিল মন্ত্রণালয়। কিন্তু আমরা বলেছি— যে দুই পদ নিয়ে অভিযোগ, ওই দুই পদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক। পরে অভিযোগের ডকুমেন্টগুলো দেখে ওই দুজনের ব্যাপারে আপিল বিভাগকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।’
এমআর





