ছবিগুলোতে দেখা যায়, এখনকার জনপ্রিয় তারকাদের গায়ে আশির দশকের সেই চেনা আউটফিট-উজ্জ্বল রঙের শাড়ি, বেলবটম প্যান্ট, বড় কলারের শার্ট, সাথে সেই সময়ের জনপ্রিয় হেয়ারস্টাইল। আশির দশকের ভিনটেজ পোলারয়েড ছবির আমেজ, স্লাইড ফিল্টার এবং কোণে লাল রঙের ডিজিটাল ডেট-স্ট্যাম্প (যেমন: '88 05 15) ছবিগুলোকে আরও জীবন্ত ও আসল করে তুলেছে।
এআইয়ের কারসাজিতে আশির দশকের লুকে নিজেদের দেখতে কেমন লাগছে সেটিই এখন দেখাচ্ছেন তারকারা।
আশির দশকের স্টাইলে বাইকে বসা অবস্থায় দেখা গেছে অভিনেতা অপূর্বকে। চোখে কালো চশমা, পরনে সেই সময়ের সঙ্গে মানানসই পোশাক—সব মিলিয়ে যেন পুরোনো দিনের কোনো সিনেমার দৃশ্য। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত...।’
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার ছবিতেও ধরা পড়েছে পুরোনো দিনের সেই নান্দনিকতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কালজয়ী গান আর পুরোনো দিনের স্টাইলের সেই সোনালী যুগে ফিরে যাওয়া!’
বিদ্যা সিনহা মিমও আশির দশকের সাজে নিজের একটি ছবি প্রকাশ করেছেন। তার সংক্ষিপ্ত ক্যাপশন, ‘আশির দশকের লুক।’
এই ট্রেন্ডে পিছিয়ে নেই অভিনেত্রী সাফা কবীর ও তাসনিয়া ফারিণও। আশির দশকের লুকে নিজের ছবি প্রকাশ করে সাফা কবীর লিখেছেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে, আর চরকি বিষয়টিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে! আশির দশকের লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’
সাফার সেই পোস্টে তাসনিয়া ফারিণ মন্তব্য করেছেন, ‘ভালোই হতো।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও আশির দশকের আবহে নিজেকে উপস্থাপন করেছেন। ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’
ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট হওয়া মাত্রই নেটিজেনদের প্রশংসায় ভাসছে এই রেট্রো থিমের ছবিগুলো। অনেকে মন্তব্য করছেন, "এই প্রজন্মের তারকাদের আশির দশকের লুকে দারুণ মানিয়েছে!" কেউ কেউ আবার কৌতুক করে লিখছেন, "ছবি দেখে মনে হচ্ছে তখনকার কোনো ক্লাসিক সিনেমার পোস্টার কিংবা ম্যাগাজিনের কভার ফটো।"
ডিজিটাল এডিটিং ও এআই প্রযুক্তির এই যুগে তারকাদের অতীতে ফিরিয়ে নেওয়ার এমন নান্দনিক প্রয়াস নেটপাড়া কাঁপাতে বেশ সফল হয়েছে বলেই মনে করছেন নেটিজেনরা।
এমএম