তবে তাঁর সেই বিচারের দাবিকে ছাপিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ব্যানার হাতে তাঁর একটি ছবি, যেখানে ব্যানারে লেখা ‘সড়ক’ বানানটি ভুল ছিল।
রোববার বিচারের দাবিতে বনানী থানার সামনে একটি ব্যানার হাতে দাঁড়িয়েছিলেন মেঘলা। সেখানে ‘সড়ক’ বানানটি ভুল লিখে ‘সরক’ লেখা হয়েছিল। এই বানান ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ট্রোলের শিকার হন তিনি। আর এই ঘটনায় চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে মেঘলা লেখেন, ‘সামনে থেকে কেউ এসে পাশে দাঁড়াতে পারেননি। অন্তত ফেসবুকে আমার লেখা, আমার পোস্টগুলো শেয়ার করেও পাশে দাঁড়াতে পারেননি। অথচ আমি যখন এক রাতের মধ্যে বনানী থানার সামনে অবস্থান করার সিদ্ধান্ত নিলাম, তখন আমার হাতে কোনো সময় ছিল না। ব্যানার বানানোর সময় পর্যন্ত পাইনি। একজন ছোট ভাই দৌড়ে এসে নিজের মতো করে একটা ব্যানার বানিয়ে আমার হাতে দিয়েছে। আমি বরং তার প্রতি কৃতজ্ঞ, অন্তত সে সেই মুহূর্তে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।’
বানান ভুলকে কেন্দ্র করে সমালোচনাকারীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘আর আপনারা কী নিয়ে ব্যস্ত? ব্যানারে একটা বানান ভুল হয়েছে, “সড়ক” বানান ভুল, র-এর জায়গায় ড় হবে—এসব ধরতে ব্যস্ত! যেন এটা একটা অনেক বড় সমস্যা, আমাকে জেলে দেন দয়া করে থানায় অভিযোগ করেন। আমার প্রশ্ন, প্রতিবাদের মূল কথাটা কি আপনাদের চোখে পড়ে না? একজন মানুষ ন্যায়বিচারের জন্য রাস্তায় দাঁড়িয়েছে, তার কষ্ট, তার প্রশ্ন, তার দাবি—এসব বাদ দিয়ে আপনারা বানান ভুল খুঁজছেন।’
সবশেষে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের দেশে জন্ম নেওয়াটাই যেন ভুল। এই দেশে কিছু করাটাই ভুল। প্রতিবাদ করাটাও ভুল। এমনকি প্রতিবাদের মধ্যেও কোনো একটা ভুল হলে সেটা ধরিয়ে দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। আপনারা কি একবারও বুঝতে পারছেন, একজন মানুষ কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করছে? আমার অবস্থাটা বোঝার চেষ্টা না করে, আমার প্রতিবাদের ভাষা বা ব্যানারের বানান নিয়ে ব্যস্ত হওয়া—এটাই কি আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা নয়?’
সড়ক দুর্ঘটনায় আহত, আইসিইউতে মেঘলা মুক্তা
এর আগে ২৭ জুলাই এক পোস্টে ভাঙা মুঠোফোনের কয়েকটি ছবি দিয়ে মুক্তা লিখেছিলেন, ‘আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব। আপনারা আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাবেন না। জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু থাকলে সরাসরি নম্বরে কল করবেন।’
সেই পোস্টের দুদিনের মাথায় তাঁর দুর্ঘটনার খবরটি সামনে এসেছিল।
উল্লেখ্য, একসময় র্যাম্পে নিয়মিত কাজ করতেন মেঘলা মুক্তা। এর পাশাপাশি ‘সাকালা কালা ভাল্লাভুডু’ নামের একটি তেলেগু ছবিতেও অভিনয় করেছেন তিনি। দেশের ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ চলচ্চিত্রে তাঁকে দেখা গেছে। সর্বশেষ ‘চক্র ২’ ওয়েব কনটেন্টে অভিনয় করে বেশ আলোচনায় আসেন এই অভিনেত্রী।
এমএম











