আলোচিত মডেল-অভিনেত্রী মৌসুমী হামিদ অভিনীত ‘ব্ল্যাকমেইল’ সিনেমাটি আজ সারাদেশে মুক্তি পেয়েছে। মুক্তির আগেই ছবির গান ও ট্রেইলার অনলাইনে বেশ প্রশংসা কুড়িয়েছে।
ছবিটি প্রসঙ্গে মৌসুমী হামিদ বললেন, ‘শুরু থেকেই কেন জানি মনে হচ্ছিলো ভালো একটি চলচ্চিত্রে কাজ করছি। আমাদের টিম ওয়ার্ক বেশ ভালো ছিল। ছবিতে আমার বিপরীতে রয়েছেন আনিসুর রহমান মিলন ভাই আরও রয়েছেন ববি আপু সবাই মিলে বেশ মজা করে কাজটি করেছি। দর্শকদের কাছে একটাই চাওয়া আপনারা হলে গিয়ে আমাদের এই ছবিটি দেখবেন শুধু আমার ছবি নয় সবধরনের দেশীয় ছবি দেখবেন। তাহলে আমরা শিল্পীরা ভালো কাজের অনুপ্রেরণা পাবো। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো আমরা রোদ-ঝড়-বৃষ্টিতে ভিজে কাজ করি।‘
মৌসুমী আশা করেন এই ছবির মাধ্যমে তিনি দর্শকদের মন ছুঁয়ে যেতে পারবেন। ‘ব্ল্যাকমেইল’ ছবিটি রোমান্টিক ও অ্যাকশনধর্মী একটি গল্প নিয়ে তৈরী করা হয়েছে ।
এই ছবিতে গান রয়েছে মোট ৫টি, এতে কন্ঠ দিয়েছেন ইবরার টিপু, ইমরান , এলিটা, পরশী, পূজা ও লেমিস । ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, মিশা সওদাগর, ডন, শিবাশানু, দিপালীসহ অনেকে । প্রসঙ্গত চলতি মাসের ৭ তারিখ মৌসুমী হামিদ ‘ব্ল্যাক মানি’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।
ইআর





