অবশেষে ছোট পর্দাকে চূড়ান্তভাবে বিদায় জানালেন জনপ্রিয় মডেল-উপস্থাপিকা ও হালের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যেই ফারিয়ার এমন সিদ্ধান্ত। আর তার এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সামনে আর মডেলিং, টিভি নাটক কিংবা উপস্থাপনায় দেখা যাবে না তাকে।

এমনকি আসছে ঈদের বেশকিছু অনুষ্ঠানের উপস্থাপনা করার প্রস্তাব এরইমধ্যে নুসরাত ফারিয়ার কাছে আসলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বললেন,''আমি এখন পুরোপুরি ভাবেই নিজেকে চলচ্চিত্র জগতের একজন হিসেবে নিজেকে গড়ে তুলছি। এই সময় আমি অন্য কোন দিকে মনোযোগ দিতে চাইছি না। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। অমিয়া আশা করছি দর্শক-ভক্ত যারা আমাকে পছন্দ করেন তারা আমার পাশেই থাকবেন সবসময়। কারণ তাদের জন্যই আমার সব চেষ্টা।''

উল্লেখ্য,সম্প্রতি নুসরাত ফারিয়া তার ফিল্মি ক্যারিয়ারের প্রথম ছবি ''আশিকী'' এর শুটিং সম্পন্ন করেছেন। আসছে কোরবানী ঈদে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে ছবিটির। বাংলাদেশের আবদুল আজিজ এবং কলকাতার অশোক পাতি পরিচালিত ছবিটিতে নুসরাত ফারিয়া জুটি বেধেছেন কলকাতার নায়ক অঙ্কুশ।

এছাড়াও সম্প্রতি ''পুলিশগিরি'' নামের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া । সৈকত নাসির পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আরেফিন শুভ। একইসাথে কথা চলছে আরও কয়েকটি ছবির কাজ নিয়ে। সবমিলিয়ে ছোটপর্দার নুসরাত ফারিয়া এখন বড় পর্দার জন্য যে বেশ ভালোভাবেই প্রস্তুত তা আর বলার অপেক্ষা রাখে না।

ইআর