শম্পা রেজা ও রোকেয়া প্রাচী দু'জনেই অভিনয়ের সাথে জড়িত বহুদিন। অভিনয় জীবনের দীর্ঘ সময়ে দু'জনেরই দেখা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে কিংবা কোন টক শো'তে।

তবে তারা কখনোই একই নাটকে একসঙ্গে অভিনয় করেননি। এবারই প্রথম তারা দু'জন একসঙ্গে অভিনয় করছেন। মাসুদ হাসানের রচনায় ও আবু হুবাইরা উচ্ছল পরিচালিত মেগা ধারাবাহিক নাটক 'পরম্পরা'তে শম্পা রেজা ও রোকেয়া প্রাচী একসঙ্গে অভিনয় করছেন।

এসএ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে গত সপ্তাহে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। ধারাবাহিক এই নাটকে শম্পা রেজা ও রোকেয়া প্রাচী শ্বাশুড়ি-বউ মা'র চরিত্রে অভিনয় করছেন।

গল্পে দেখা যাবে শ্বাশুড়ি শম্পা রেজা ও বউ মা রোকেয়া প্রাচীই মূলত একটি সংসারে সুখ তাদের বিচক্ষণতা দিয়ে, খুব স্বাভাবিকভাবে, পজিটিভ ওয়েতে ধরে রাখেন। 'পরম্পরা' বিষয়টিই মুলত শম্পা রেজা ও রোকেয়া প্রাচী বহন করার চেষ্টা করেন।

শম্পা রেজা বলেন,' প্রাচীর সঙ্গে আগে কখনোই আমার কাজ করা হয়ে উঠেনি। সত্যিই খুউব ভালোলেগেছে তারসঙ্গে কাজ করে। পুরো ইউনিট বেশ গুছিয়ে কাজ করেছে। এতে আমি আমার চরিত্রটি চিত্রণের জন্য আমার নিজের মাঝে আমার বড় ফুফুর অবয়বকে ধারণ করোর চেষ্টা করেছি। আশাকরি আমার চরিত্রের মাঝে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন।

 ' রোকেয়া প্রাচী বলেন,' ধারাবাহিক এই নাটকে বউ শ্বাশুড়ির যে সুন্দর সম্পর্ক দেখানো হয়েছে তা সত্যিই শিক্ষনীয় বিষয় হয়ে দাঁড়াবে বলে আমি মনেকরি। একজন মানুষ কিংবা একজন শিল্পী হিসেবে শম্পা আপা সত্যিই অসাধারণ। তারসঙ্গে আমার কাজ না হলেও খুব ভালোভাবে আমরা যে কাজ করতে পেরেছি তার পুরো ক্রেডিট শম্পা আপার। আমি ভীষণ আনন্দিত তারসঙ্গে কাজ করতে পেরে।'

ইআর