এবারের ঈদে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে দেখা যাবে আইটেম গানের সঙ্গে নাচতে। অনেক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। কিন্তু এবারই প্রথম তিনি কোন নাটকের আইটেম গানের সঙ্গে নাচলেন। এ দৃশ্যটি দেখা ‘ব্যাকআপ আর্টিস্ট’ নামের একটি টিভি নাটকে।

পলাশ মাহবুবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এই নাটকটিতে মোশাররফ করিমতে ব্যাকআপ আর্টিস্টের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাটকটিতে মোশাররফ করিমের স্ত্রী জুঁই করিমও অভিনয় করেছেন।

ঈদের তৃতীয়দিন বিকাল ৩টায় বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার শুরু হবে। ভিন্নরকমভাবে এ নাটকটি নির্মিত হয়েছে বলে মন্তব্য করেন মোশাররফ করিম।

তিনি বলেন, ব্যাকআপ আর্টিস্ট নাটকের গল্প অন্য ধরনের। নাটকে আমি একজন ব্যাকআপ আর্টিস্টের চরিত্রে অভিনয় করেছি। আর আইটেম গানে অংশ নেওয়া তারই একটি অংশ। সব মিলিয়ে এবারের ঈদের ভালো লাগার মতো হয়েছে এই নাটকটি।

এর আগে মোশাররফ করিমকে অভিনয় করতে দেখা গেছে সিনেমার স্ট্যান্টম্যান চরিত্রে। এবার একজন ব্যাকআপ আর্টিস্টের আনন্দ-বেদনার গল্প নিয়ে এ নাটকটি তৈরি হয়েছে। এতে ভিন্নরকম মোশাররফ করিমকে দেখবেন দর্শক।

কেএইচ