ডেঙ্গু রোগের প্রতিষেধক আবিষ্কারে প্রথমবারের মতো বড় ধরনের সফলতা পেয়েছেন বিজ্ঞানীরা।

ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

বর্তমানে মশাবাহিত এ রোগটির কার্যকর কোনো প্রতিষেধক নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে এশিয়ার ৫টি অঞ্চলে দুই থেকে ১৪ বছর বয়সী ৬ হাজার শিশুর ওপর টিকাটির কার্যকারিতা পরীক্ষা করা হয়। এতে ৫৬ শতাংশ শিশুর ডেঙ্গু প্রতিরোধের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।

বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। মশাবাহিত এ রোগে প্রতি বছর ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হন।

এ গবেষণায় অর্থ যোগানদাতা প্রতিষ্ঠান সানোফি-প্যাস্টিউর জানিয়েছে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে দ্বিতীয় পর্যায়ের কার্যকারিতা পরীক্ষা শেষে টিকাটির অনুমোদনের জন্য আবেদন করবে তারা।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ