পবিত্র ঈদুল ফিতরের দিনও ইসরায়েলের বর্বরতা থেকে রক্ষা পায়নি গাজার মুসলিমরা। ফিলিস্তিনের শরণার্থী শিবির ও হাসপাতালগুলোতে নৃশংসতা চালিয়েছে ইহুদী রাষ্ট্রটির সৈন্যরা।

সোমবার ঈদের দিনে এই হামলায় সাত জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

উত্তর গাজার জাবালিয়ার আবাসিক এলাকায় ট্যাংক থেকে গোলাবর্ষণে অন্তত দুইজন নিহত হয়েছে। এর মধ্যে ৪ বছর বয়সী এক শিশুও রয়েছে।

এ ছাড়া শিফা হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল।

হামাসের অস্ত্রবিরতির প্রস্তাব ও জাতিসংঘের আহ্বান সত্ত্বেও ঈদের দিন এ হামলা চালাল ইসরায়েলি বাহিনী। টানা ২১ দিন ধরে চালানো এ হামলায় এখন পর্যন্ত মোট ১০৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৬ হাজারেরও বেশি।

এ পর্যন্ত গাজায় অন্তত এক লাখ ৮০ হাজার ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

অপরদিকে হামাসের পাল্টা হামলায় এ পর্যন্ত ৪৩ ইসরায়েলি সেনাসহ দেশটির ৪৫ নাগরিক নিহত হয়েছে।

মুনের বক্তব্য প্রত্যাখ্যান নেতানিয়াহু

ইসরায়েল ও ফিলিস্তিনকে অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গাজায় দীর্ঘস্থায়ী অস্ত্রবিরতি চুক্তি করতে মুনের আহ্বানকে পক্ষপাতিত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হামাসের পক্ষ নিয়ে ওই বিবৃতি দিয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘বিবৃতিটি ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা চালানো সন্ত্রাসী দলের পক্ষে গেছে। এমনকি ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি নিয়েও সেখানে কোনো আলোচনা নেই।’

ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই