রোববার থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় হামাসের প্রতিরোধে ৩২ ইসরাইলি সেনা নিহত হয়েছে। ইসরাইল অবশ্য ১৮ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। হামাসের দাবি মতে, গতকাল রোববারই নিহত হয়েছিল ১৬ সেনা। এ ছাড়া বহু সেনা আহত হয়েছে। হামাসের পাল্টা হামলায় বিধ্বস্ত হয়েছে ৬টি ট্যাংক।

২০০৬ সালে লেবাননের যুদ্ধের পর ইসরাইলের এতো সেনা আর নিহত হয়নি।

হামাসের সামরিক সূত্রগুলো জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে অনেক ইসরাইলি সেনা আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। ইসরাইলের এক উচ্চপদস্থ সেনা কমান্ডারকেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এ সূত্র জানিয়েছে।

এ ছাড়া, ফিলিস্তিনিদের আরপিজি হামলায় ইসরাইলি ছয় ট্যাংক বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে হামাসের রকেট হামলা অব্যাহত রয়েছে। গত দু’সপ্তাহে গাজা থেকে ১৭০০'র বেশি রকেট হামলা হয়েছে। এসব রকেট তেল আবিব, হাইফা, আশকেলোন, এশকোল ও আশদোদসহ বিভিন্ন শহরে আঘাত হেনেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে।

হামাস স্পষ্ট ভাষায় বলেছে, ইসরাইলের সঙ্গে দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য তারা প্রস্তুত এবং গড়ে তোলা হয়েছে অস্ত্রশস্ত্রের মজুদ। সূত্র: আইআরআইবি, বিবিসি।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ