ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সামরিক বাহিনীর জন্য ৯৫০ মিলিয়ন ডলারের এক বিশাল বাজেট পাশ করা হয়েছে। মঙ্গলবার এ বিশাল বাজেটের অনুমোদন দেয় নেসেটের অর্থনীতি সংক্রান্ত কমিটি। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
বাজেটের বেসামরিক খাত থেকে এ বরাদ্দ দেয়া হয়েছে। এই অর্থ আগে জনপরিবহন ও পানি ব্যবস্থপনাসহ অন্যান্য জনকল্যাণমূলক বরাদ্দে ছিল। কিন্তু সেসব বরাদ্দ বাতিল করে সামরিক খাতে এ বরাদ্দ দেয়া হলো।
এদিকে, পার্লামেন্টে বিরোধী দলীয় সদস্য স্ট্যাভ শাফির এই বিলের বিরোধিতা করে পার্লামেন্ট থেকে ওয়াক আউট করেন।
আরেক বিরোধী দলীয় সদস্য জেহাভা গ্যালোন এই বিলের সমালোচনা করে জানান, এই বরাদ্দের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে সরকার ব্যর্থ হয়েছে। অর্থনীতি সংক্রান্ত কমিটি অন্যান্য বরাদ্দ বাতিল করে কিভাবে সামরিক খাতে এ বরাদ্দ দিল এর সুনির্দিষ্ট ব্যাখা দেয়নি।
'টাইমস অব ইসরায়েল' পত্রিকার দেয়া তথ্যমতে, সাম্প্রতিক গাজা অভিযানে ইসরায়েলের ক্ষতি হয়েছে ১২০ থেকে ২৩০ কোটি ডলার। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





