ভারতের কেরালায় চলন্ত ট্রেনে এক মহিলার গায়ে আগুন দিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ মহিলা মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর এনডিটিভি'র।
জানা গেছে, কেরালার প্রাদেশিক রাজধানী থিরুভানাথাপুরম থেকে ৩৭৫ কিলোমিটার দূরবর্তী কোঝিকোদে নামক স্থানের একটি হাসপাতালে তিনি মারা যান। মহিলার বয়স চল্লিশের বেশি বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, চলন্ত ট্রেনে কম্পার্টমেন্টের ভিতরে মহিলার গায়ে প্রথমে দাহ্যজাতীয় কোন তরল পদার্থ ঢেলে দেয়া হয়। এরপর গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। গতকাল সোমবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি কান্নুর থেকে এরনাকুলামে যাচ্ছিল।
আগুন লাগানোর পর ওই মহিলা চিৎকার করতে করতে কম্পার্টমেন্টের বাইরে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কিন্তু ততক্ষণে দুর্বৃত্ত জনতার ভিড়ে লুকিয়ে যায়। আগুনে ট্রেনের দুটি সিটও পুড়ে যায়। ট্রেন পরে ওই কম্পার্টমেন্টটি স্টেশনে রেখেই চলে যায়।
পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত ব্যক্তির অনুসন্ধান করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনে উঠার আগে স্টেশনের প্লাটফর্মে ওই ব্যক্তির সঙ্গে মহিলাটিকে ঝগড়া করতে দেখা গিয়েছিল। পুলিশ দাহ্য পদার্থের বোতলটি উদ্ধার করেছে।
উল্লেখ্য, এই কেরালাতেই চার বছর আগে চলন্ত ট্রেনে সৌমিয়া নামের এক মহিলাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর চলন্ত ট্রেন থেকে জানালা দিয়ে তাকে ফেলে দেয়া হলে তিনি নিহত হন। তিনি কর্মস্থল থেকে বাড়িতে ফেরার সময় এ ঘটনার শিকার হন। সূত্র: এনডিটিভি
এসএমএ





