দলখকৃত পূর্ব জেরুজালেমে আরও ১০০০ বাড়ি নির্মাণ করবে বলে জানিয়েছে ইসরায়েল। সোমবার এ ঘোষণা দেয় দেশটি। এই পূর্ব জেরুজালেমকেই ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী মনে করেন। খবর আল জাজিরার।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক কর্মকর্তা অবশ্য জানান, নতুন নির্মিতব্য ভবনগুলো ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয়েই ব্যবহার করতে পারবে।
আল জাজিরার সাংবাদিক ইমতিয়াজ তাইয়্যেব পূর্ব জেরুজালেম থেকে জানান, পূর্ব জেরুজালেমের রামাত শ্লোমো এলাকায় অতিরিক্ত ৬০০ এবং হার হোমা জেলায় আরও ৪০০, এই মোট ১০০০ ভবন নির্মাণ করা হবে।
ফিলিস্তিনিদের নিকট পূর্ব জেরুজালেম এলাকাটি হচ্ছে খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনিরা তাদের রাজধানী মনে করে এটিকে। এখানে ইহুদি বসতি নির্মাণকে তারা সবসময়ই প্রতিবাদ করে আসছে।
এদিকে ইসরায়েল পুরো জেরুজালেমকেই তাদের রাজধানী বলে দাবি করে। তবে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এ দাবিকে অনুমোদন দেয়নি এবং পূর্ব জেরুজালেমে বসতি নির্মাণেরও অনুমোদন দেয় না যুক্তরাষ্ট্র। কিন্তু কাউকে পরোয়া না করে ইসরায়েল নির্বিচারে বসতি নির্মাণ করে যাচ্ছে। সূত্র: আল জাজিরা
এসএমএ





