ইরাকের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানী বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউসিফিয়া শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন অনলাইন।
সংঘর্ষের ঘটনায় একজন সেনা কর্মকর্তাও নিহত হয়েছেন। সংঘর্ষস্থল থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি ভারী মেশিনগান, ১৫টি রাইফেল ও পাঁচটি গ্রেনেড লঞ্চার।
নিহত সশস্ত্র ব্যক্তিরা আইএসআইএল (ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্যা লেভান্ট)-এর সদস্য বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। একটি মিলিটারি ক্যাম্পে হামলা চালাতে যাওয়ার সময় তাদের ওপর আক্রমণ চালায় সেনাবাহিনী।
বাগদাদের পশ্চিমাঞ্চলীয় জুবা ও জেইদানে সংঘর্ষের একদিন পরই ইউসিফিয়ায় ভয়াবহ এ সংঘর্ষ ঘটল। প্রসঙ্গত, আইএসআইএল ইরাকের পশ্চিমাঞ্চলীয় ফালুজা শহরটি কয়েক মাস ধরে নিয়ন্ত্রণ করছে। তবে, গত কয়েকদিনে বাগদাদের আশপাশের এলাকায় আইএসআইএল যোদ্ধাদের তৎপরতা দেখে মনে হচ্ছে তারা রাজধানী বাগদাদের নিয়ন্ত্রণও নিতে চায়। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ০৩ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ  [/b]