ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের আরো বিপর্যয় ঘটেছে। আজ বুধবার গাজার উত্তর বেইত হানুন শহরে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধাদের হাতে আরো একটি ট্যাংক ধ্বংস হয়েছে।
গত বৃহস্পতিবার গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত হামাসের হাতে বেশ কয়েকটি ট্যাংক ধ্বংস হয়েছে।
ইসরাইলের মারকাভা ট্যাংক বিশ্বের শ্রেষ্ঠ ট্যাংক এবং তা ধ্বংস করা সম্ভব নয় বলে ইসরাইল গর্ব করে এলেও হামাসের হামলার মুখে তা মিথ্যা প্রমাণিত হচ্ছে। এর আগে, ২০০৬ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরাইলের বহুসংখ্যক ট্যাংক ধ্বংস হয়েছিল।
এদিকে, কাসসাম ব্রিগেডের হাতে ইসরাইলের কমপক্ষে ৫২ সেনা নিহত হয়েছে বলে হামাস দাবি করেছে। এ ছাড়া, এখনো হাসপাতালে রয়েছে ১৩৩ সেনা। এর মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক।
এ অবস্থায় রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে মারাত্মক চাপের মুখ পড়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগ্রাসন শুরুর পর যুদ্ধবাজ নেতানিয়াহুর সমালোচনা করায় বরখাস্ত করা হয়েছে উপ প্রতিরক্ষামন্ত্রীকে। এ ছাড়া, হামাসের হামলার মুখে আমেরিকা, ইউরোপের কয়েকটি দেশ ও দক্ষিণ কোরিয়া ইসরাইলগামী তাদের বিমানের ফ্লাইট বাতিল করেছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ





