সৌদি আরবের রাজা সালমান বিন আবদুলআজিজ সম্প্রতি দেশটির যুবরাজ ও পররাষ্ট্রমন্ত্রী পরিবর্তনসহ প্রশাসনিক রদবদলের যে ফরমান জারি করেছেন তার কঠোর সমালোচনা করেছেন প্রিন্স তালাল বিন আবদুল আজিজ।

রাজ সালমানের সিদ্ধান্তকে তেলসমৃদ্ধ দেশটির নীতি বিরোধী এবং আবেগী হিসেবে উল্লেখ করেছেন তিনি। টুইটার বার্তায় এ সমালোচনা করন স্পষ্টবক্তা হিসেবে পরিচিত পরিচিত প্রিন্স তালাল। বার্তায় নিজ মতামত তুলে ধরার জন্য রাজার সঙ্গে বৈঠকেরও দাবি করেন প্রিন্স তালাল।

টুইটার বার্তায় তিনি বলেন, সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা আবদুলআজিজের সন্তান এবং কয়েকজন নাতিকে নিয়ে সাধারণ বৈঠক হওয়া উচিত। বার্তায় তিনি আরো বলেন, “ আমি আগেও বলেছি যারা সৌদি আইন ভঙ্গ করে তাদের প্রতি আনুগত্য স্বীকার করা হবে বা তাদের বশ্যতা মেনে নেয়া হবে না।”

গত মাসের ২৯ তারিখে জারি করা ফরমান বলে সৌদি রাজ সালমান দেশটির যুবরাজ এবং পররাষ্ট্র মন্ত্রীকে সরিয়ে দেন। এ ফরমান বলে মুহাম্মদ বিন নায়েফ বিন আবদুলআজিজ আলে সৌদকে সৌদি আরবের নতুন যুবরাজ হিসেবে ঘোষণা করা হয়।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদেল বিন আহমেদ-জুবাইরকে।

ফরমানে দেশটির যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজকে যুবরাজের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পাশাপাশি ৬৯ বছর বয়সি প্রিন্স মুকরিনের কাছ থেকে উপ প্রধানমন্ত্রীর দায়িত্বও কেড়ে নেয়া হয়।

এ ছাড়া, অপসারণ করা হয় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সৌদ আল ফয়সাল বিন আবদুল আজিজ আলে সৌদকে। সৌদ আল ফয়সাল চার দশক ধরে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্যগত কারণে তিনি দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন বলে ফরমানে দাবি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ৫৫ বছর বয়সি নতুন যুবরাজ নায়েফ উপ প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন বলে ফরমানে উল্লেখ করা হয়েছে।
প্রিন্স মুকরিন হলেন সৌদি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সৌদের শেষ ছেলে। তাকে অপসারণের মধ্য দিয়ে সৌদি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এলেন সৌদি রাজবংশের দ্বিতীয় প্রজন্ম বা আবদুল আজিজের নাতিরা। এই প্রথম আবদুল আজিজের কোনো নাতিকে যুবরাজ করা হলো। রেডিও তেহরান

ইআর