ভারতে দিল্লির নির্ভয়াকাণ্ডে ৪ জনের ফাঁসি হয়ে গেছে। দেশজুড়ে ধর্ষণের শাস্তি- মৃত্যু আওয়াজ উঠেছে। তবু ধর্ষণে বিরতি নেই দেশটিতে।
আবারও দিল্লির নির্ভয়া কাণ্ডের ছায়া দেখা গেল গত শুক্রবার ( ১০ সেপ্টেম্বর ) গভীর রাতে মুম্বাইয়ে।
গত ১০ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে ৩২ বছরের এক তরুণীকে টেম্পোর মধ্যে নিয়ে ধর্ষণ করে অত্যাচার করা হয়। এমনকি তরুণীর গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়। যেমনটা ঘটানো হয়েছিল নির্ভয়া কাণ্ডে।
রক্তাক্ত অবস্থায় তরুণীকে রাত ৩ টা নাগাদ মুম্বইয়ের সাকানাকি এলাকার একটি টেম্পোর ভিতর থেকে উদ্ধার করে রাজওয়ারি হাসপাতালে পাঠানো হয়।
কিন্তু, তরুণীর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এই ঘটনায় জড়িত অভিযোগে মোহিত শর্মা নামে ৪২ বছরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঘটনায় আর কেউ যুক্ত ছিল কিনা জানার চেষ্টা করা হচ্ছে। সাকানাকি থানার পুলিশ জানিয়েছে মধ্যরাত্রির পর তারা একটি ফোন পায় যে, একটি টেম্পোর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটছে।
পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌছায়। রক্তে ভেসে যাওয়া অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা। ঘটনার তদন্ত চলছে।
এইচএন





