শর্তসাপেক্ষে শুক্রবারের জুম্মার নামাজকে সামনে রেখে আল আকসা মসজিদ খুলে দিয়েছে ইসরায়েল। শর্তে বলা হয়েছে, ৫০ বছরের কম বয়সি ফিলিস্তিনিরা মসজিদে প্রবেশ করতে পারবেন না। এই মসজিদকে ঘিরে সহিংসতা এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।

শুক্রবার আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

 বুধবার এক ইহুদি তরুণকে হত্যার অভিযোগে ফিলিস্তিনি যুবককে আটক করতে গেলে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই ফিলিস্তিনি যুবক নিহত হয়। এ নিয়ে আল আকসা মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে আল আকসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ইসরায়েল।

আল আকসা বন্ধ করার পর তীব্র প্রতিবাদ জানায় ফিলিস্তিন কর্তৃপক্ষ। কয়েক দশকের মধ্যে প্রথমবার আল আকসা বন্ধ করার বিষয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, এই পদক্ষেপ ‘যুদ্ধ ঘোষণার শামিল’।

এদিকে মসজিদ খুলে দেওয়ায় নতুন করে বিক্ষোভ শুরু করেছে ইহুদি অ্যাক্টিভিস্টরা। এ জন্য সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ইসরাইল পুলিশ। যেকোনো রকম সহিংসতা এড়াতে শুক্রবার মসজিদ প্রাঙ্গণে ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়।

জেআই