ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর এক দিনের সফরে ঢাকায় পৌছেছেন। ভুটানের থিম্পু থেকে দ্রুক এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জয়শঙ্কর। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।

বিমান বন্দর থেকে সরাসরি জয়শঙ্কর পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন সোয়া ১১ টায়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় ওই গুরুত্বপূর্ণ অতিথির সম্মানে পররাষ্ট্র সচিব একটি ভোজ আয়োজন করেছেন।

বিকাল ৩টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য বৈঠক করবেন নরেন্দ্র মোদির ‘বিশেষ’ বার্তা নিয়ে ঢাকায় আসা জয়শঙ্কর। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

ওই সাক্ষাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়টি চুড়ান্ত হবে বলে মনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় সার্কভুক্ত ৪ দেশ সফরের অংশ হিসেবে ভুটানের পর বাংলাদেশ সফর করছেন তিনি।

ওই সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত ঢাকার কূটনীতিকরা আশা করছেন জয়শঙ্কর ইতিবাচক বার্তা নিয়েই আসছেন। দেশটির সঙ্গে বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ ইস্যু তিস্তার পানিবণ্টন ও স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়ন এখনও অমীমাংসিত রয়েছে। বিদেশ সচিবের সফরে এ নিয়ে আলোচনা হবে।
একই সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কটের বিষয়েও দিল্লির অবস্থান স্পষ্ট হবে। তবে এ সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের ভিত্তি রচিত হবে বলে আশা করছে বাংলাদেশ।

গত ২৯ জানুয়ারি ভারতের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন জয়শঙ্কর। এরপর সার্কের চারটি দেশে যাত্রার অংশ হিসেবে ভুটান সফরের মধ্য দিয়ে জয়শঙ্করের ‘সার্ক যাত্রা’ শুরু হয়েছে। এরপরই তিনি বাংলাদেশে আসলেন।

এআর