ভারতের তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
শুক্রবার দুপুরের এই ঘটনায় কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও বেশ কয়েকজনের ওই কারখানায় আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। খবর ভারতীয় মিডিয়ার।
জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ভিরুধুনাগর জেলার সাত্তুরের আচানকুলাম গ্রামে ‘শ্রী মারিয়াম্মান ফায়ারওয়ার্কস’ নামে বেসরকারি ওই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, এদিন দুপুরে আচমকাই পরপর বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। বাইরে বেরিয়ে দেখেন পার্শ্ববর্তী বাজি কারখানাটিতে বিস্ফোরণ ঘটেছে। এরপর তাঁরাই পুলিশ এবং দমকলে খবর দেন। শুরু হয় উদ্ধারকার্য। ওই সময় বাজি কারখানাটিতে অনেকেই কাজ করছিলেন। ফলে হতাহতের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ইতিমধ্যে ১১ জনের মৃত্যু হলেও, মৃতের সংখ্যা আরও বাড়তেও পারে বলে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। এই ঘটনায় গোটা এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
ইতিমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রাথমিক সন্দেহে অনুমান, কারখানার ছ’টি ঘরে মজুত রাখা বাজিতে কোনওভাবে আগুন ধরে যায়। তা থেকেই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে।
ঘটনার পরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করে জানানো হয়, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।
এদিকে, ঘটনার পর টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।
এমবি





