সুরাপ্রেমীদের জন্য খুশির খবর দিলেন অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি সোমু বীররাজু। মাত্র ৭০ টাকার বিনিময়ে মদ দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।

তবে এমনি এমনিই কম টাকায় মদ পাওয়া যাবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি যদি রাজ্যে এক কোটি ভোট পেয়ে জেতে তবেই মিলবে ৭০ টাকার বিনিময়ে মদ।

কথায় আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। নতুন ঘোষণায় এই প্রবাদবাক্যকেই সত্যি প্রমাণ করলেন সোমু বীররাজু।

তিনি বলেন, দল যদি রাজ্যে এক কোটি ভোট পায় তা হলে মাত্র ৭০ টাকায় মদ কিনতে পারবে অন্ধ্রপ্রদেশের আমজনতা। যদি আরও রাজস্ব হাতে থাকে, তা হলে মদের দাম ৫০ টাকায় নামিয়ে আনা হবে বলেও তিনি ঘোষণা করেছেন।

গতকাল মঙ্গলবার ( ২৮ ডিসেম্বর) বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত এক সভায় জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টিকে এক কোটি ভোট দিন।

আমরা মাত্র ৭০ টাকায় মদ সরবরাহ করব। আমাদের যদি আরও রাজস্ব অবশিষ্ট থাকে, তা হলে মাত্র ৫০ টাকায় মদ বিক্রি করা হবে।’’

তিনি রাজ্যের ক্ষমতাসীন ওয়াই আর এস কংগ্রেস দলের বিরুদ্ধে অভিযোগ এনে আরও বলেন যে, রাজ্য সরকার আমজনতার কাছে উচ্চ মূল্যে নিম্নমানের মদ বিক্রি করছে।

এইচএন