ভারতের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার একটি রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের সাথে একটি স্কুল বাসের সংঘর্ষে পাঁচ শিশু নিহত হয়েছে। ওই সময় রেল ক্রসিংয়ে পাহারায় কেউ ছিল না। স্থানীয় কর্তৃপক্ষ একথ জানান।

উত্তর প্রদেশ রাজ্যে এ দুর্ঘটনায় আহত অপর ১৩ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ওই বাসের চালকও রয়েছে।

জেলা তথ্য কর্মকর্তা জিতেন্দ্র প্রতাপ সিং এএফপিকে বলেন, ‘সকালে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।’

তিনি আরো বলেন, ‘এ মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ শিশু নিহত ও বাসের চালকসহ অপর ১৩ জন আহত হয়েছে। আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনার সময় ওই বাসে একটি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জনের বেশী শিশু ছিল।

উল্লেখ্য, ভারতের সড়কগুলো অনেক ঝুঁকিপূর্ণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায এক লাখ ৬৬ হাজার ৫০৬ জন প্রাণহারায়। খারাপ সড়ক, যানবাহনের দ্রুত গতি ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এসব দুর্ঘটনা ঘটে।

এমএ