ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট রোববার শুরু হয়েছে। মোট ৭টি জেলায় ৫৬টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
আলিপুরদুয়ারে ৫টি, জলপাইগুড়িতে ৭টি, দার্জিলিংয়ে ৬টি, উত্তর দিনাজপুরে ৯টি, দক্ষিণ দিনাজপুরে ৬টি, মালদহে ১২টি, বীরভূমে ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে আজ।
সরকার ও বিরোধী- উভয় পক্ষই বেশ কোমর বেঁধে তৈরি। আজ ভাগ্য পরীক্ষা হবে বহু রথী-মহারথীর। নির্বাচন ৭টি জেলাতে হলেও বীরভূমের দিকে কড়া নজর রয়েছে নির্বাচন কমিশনের। তাপপ্রবাহের পাশাপাশি ভোটের রাজনীতিতে তপ্ত হয়ে আছে এই জেলা।
এই মুহূর্তে রাজ্য-রাজনীতিতে সবচেয়ে চর্চিত নাম এই জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যে নজরবন্দি করেছে নির্বাচন কমিশন। তাদের হিসাবে বীরভূমে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪৭৪। আজকের ভোটে সকলের নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অনুব্রত বা কেষ্ট মণ্ডলের দিকেই।
প্রার্থী না হলেও তিনিই যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন ‘বুথে বুথে গুড়-বাতাসা মজুত থাকছে। যখন যাকে প্রয়োজন হবে দেব। মিডিয়াকেও গুড়-বাতাসা দেব। আমাকে জব্দ করার ক্ষমতা কার আছে? ভোট করার জন্য কর্মীরা রেডি।’
বীরভূমের ২৯৬৪টি বুথে ভোট দেবেন ২৫ লাখ ২ হাজার ৮১০ জন। বুথ ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তার জন্য ১৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।এই জেলাতেই মাওবাদীপ্রবণ এলাকা থাকায় সাতটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
কেন্দ্রগুলো হলো দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, হাসন ও মুরারই। এই পর্বের বাকি ৪৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। আজকের ভোটের জন্য ৮০০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।
বীরভূম বাদে উত্তরবঙ্গের ছয়টি জেলাতেই তৃণমূলের সঙ্গে জোর লড়াই হবে জোটের। আজকের ভোটে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন সৌরভ চক্রবর্তী, জেমস কুজুর, গৌতম দেব, অশোক ভট্টাচার্য, বাইচুং ভুটিয়া, আবদুল করিম চৌধুরী, মোহিত সেনগুপ্ত, অমল আচার্য, শংকর চক্রবর্তী, বিশ্বনাথ চৌধুরী, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, আবু নাসের খান চৌধুরী, ইশা খান, শেহনাজ কাদরি, শিল্পী সৌমিত্র রায়, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিং। সর্বোপরি নির্ধারিত হবে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভাগ্য।
এম অার





