থাইল্যান্ডে সেনা বাহিনীকে উপেক্ষা করে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের দিনব্যাপী ঝটিকা সমাবেশ করার হুমকির প্রেক্ষিতে রোববার রাজধানী ব্যাংকক জুড়ে প্রায় ৬ হাজার পুলিশ ও সৈন্য মোতায়েন করা হয়েছে। এক থাই কর্মকর্তা এ খবর জানান। সেনাবাহিনী গত ২২ মে বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করার পর থেকে রাজধানীতে প্রতিদিনই ছোট অথচ সোচ্চার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সেনা প্রধান প্রায়ুত চান-ও চা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে বিক্ষোভকারীদের এমনকি তাদের পরিবারকেও সামরিক আইনে কঠোর শাস্তি দেয়া হবে। তবে এ পর্যন্ত এ নিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও বল প্রয়োগ করা হয়নি। বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রোববার ব্যাংককে বেশ কয়েকটি সমাবেশের আয়োজন করেছে এমন গুজব ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে রাজপথে নিরাপত্তা বাহিনীর প্রায় ৬ হাজার সদস্য মোতায়েন করা হয়। কোনো ধরনের জমায়েত ঠেকাতে বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। জাতীয় পুলিশের উপ-প্রধান সময়োত পুম্পানমুং এএফপিকে বলেন ‘আমরা ব্যাংককের ৮টি স্থানে পুলিশ ও সামরিক বাহিনীর ৩৮টি যৌথ কোম্পানি মোতায়েন করেছি। এ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সূত্র: এএফপি। [b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]