বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সা ব্লুম বার্নিকাট রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ২০১৩ সালের নভেম্বরে সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এর পর রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা একাধিকবার চেষ্টা করেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি। এই হিসেবে প্রায় ১৪ মাস পর প্রধানমন্ত্রীর দেখা পেলেন মার্কিন রাষ্ট্রদূত।
কূটনৈতিক রেওয়াজ অনুযায়ী কোনো দেশের রাষ্ট্রদূত ওই দেশে দায়িত্ব পালনের শুরুতে এবং দায়িত্ব শেষে বিদায়বেলায় দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সময় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটায় তিনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি।
বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা তার দায়িত্ব শেষে গত বছরের ২২ ডিসেম্বর বাংলাদেশ ছেড়ে যান। তিনি ২০১১ সালের ২৪ নভেম্বর ওই সময়ের বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু করেছিলেন।
এএইচ





