বৃহস্পতিবার (৫ নভেম্বর) দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনা করছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। নির্বাচনে নেতানিয়াহু কিংবা আইজেনকট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি।

ইউনাইটেড তোরাহ জুডাইজম আগের পাঁচটি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিয়েছিল। তবে এবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দলটি নতুন সরকার গঠনের জন্য নেতানিয়াহুর নাম সুপারিশ করেনি। একই সঙ্গে বিরোধী নেতা আইজেনকটকেও সমর্থন দেয়নি তারা।

প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সাতটি আসন পাওয়া দলটি কোনো আইনপ্রণেতার নামই সরকার গঠনের জন্য সুপারিশ না করার সিদ্ধান্ত জানিয়েছে।

ইউনাইটেড তোরাহ জুডাইজম মূলত ইউরোপীয় বংশোদ্ভূত আশকেনাজি অতি-গোঁড়া ইহুদিদের প্রতিনিধিত্ব করে। একই ধরনের আরেকটি দল শাস প্রতিনিধিত্ব করে সেফারদি ইহুদিদের, যাদের অধিকাংশের শিকড় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায়।

ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি বহাল রাখার দাবিতে দুই দলই দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর সমর্থন পেয়ে আসছে। নেতানিয়াহু এই অব্যাহতি বহাল রাখলেও আইন করে স্থায়ী রূপ দেননি। গাজা, লেবানন ও ইরানের সঙ্গে যুদ্ধের কারণে ইসরায়েলের সংরক্ষিত সেনাদের বারবার দায়িত্ব পালন করতে হচ্ছে। এ পরিস্থিতিতে ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতির বিষয়টি নিয়ে দেশটির সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।

ইউনাইটেড তোরাহ জুডাইজমের আইনপ্রণেতা আইজ্যাক পিনড্রাস বলেন, পরবর্তী যে সরকারই গঠিত হোক না কেন, তাঁদের প্রথম কাজ হবে তোরাহর শিক্ষার্থীদের অবস্থান নির্ধারণের বিষয়টি সমাধান করা।

অন্যদিকে, সাবেক সেনাপ্রধান আইজেনকট মধ্যপন্থি ও মধ্য-ডানপন্থি দলগুলোকে একত্র করে সরকার গঠনের চেষ্টা করছেন। বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ধর্মীয় শিক্ষার্থীদের অব্যাহতি বন্ধের বিষয়ে তিনি অনড় অবস্থানে রয়েছেন।

পর্যবেক্ষকদের ধারণা, ইউনাইটেড তোরাহ জুডাইজমের এই অবস্থানের উদ্দেশ্য নেতানিয়াহুকে চাপে রাখা এবং তাঁকে বোঝানো যে দলটির সমর্থন নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই। তবে নেতানিয়াহু সরকার গঠনে সফল হলে দলটি সেই সরকারেও যোগ দিতে পারে।

বৃহস্পতিবার পরে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট হারজগ। আলোচনা শেষে তিনি একজন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেবেন। সাধারণত কোন নেতা সবচেয়ে বেশি রাজনৈতিক দলের সমর্থন পেয়েছেন, তা বিবেচনা করেই প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নেন। সে হিসাবে আইজেনকটের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি।

সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট আইনপ্রণেতা ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো হতে পারে। এই সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কাউকে দায়িত্ব দিতে পারবেন।

নতুন পার্লামেন্টে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩। এর মধ্যে ইউনাইটেড তোরাহ জুডাইজমের আসনও রয়েছে। অন্যদিকে, আইজেনকটের জোট পেয়েছে ৪৮টি আসন।

ইসরায়েলের আরব দলগুলোর আসনসংখ্যা বেড়ে ১৯-এ দাঁড়িয়েছে। আইজেনকট চাইলে এসব দলের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারেন। তবে তাতে বিরোধী জোটের কিছু সমর্থন হারানোর ঝুঁকি রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এস