২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত ইরানের ঐতিহাসিক পরমাণু সমঝোতা মেনে চলার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'কে আমেরিকা বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
গতকাল (সোমবার) তেহরান সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁর সঙ্গে বৈঠকের পর নিজের অফিসিয়াল টুইটার বার্তায় জারিফ এ মন্তব্য করেন।
জারিফ বলেন, "আজকের বৈঠকে তিনি ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে পরমাণু সমঝোতা বানচাল করার লক্ষ্যে আমেরিকার একের পর এক দাবির প্রতি সমর্থন না দিয়ে বরং ইউরোপীয় ইউনিয়নের উচিত এ সমঝোতা মেনে চলার বিষয়ে আমেরিকাকে বাধ্য করা।
পরমাণু সমঝোতা মেনে চলার ক্ষেত্রে আমেরিকা যেখানে ইইউ'র নিজের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেখানে এ সমঝোতা রক্ষা করার জন্য তার পক্ষে কেবল কিছু নরম সুরের কথাবার্তাই যথেষ্ঠ নয়।
পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, "ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কথা বলার পরিবর্তে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর উচিত আমাদের এ অঞ্চলে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি বন্ধ করা।"
পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় ইরাকের সাবেক স্বৈরচারি প্রেসিডেন্ট সাদ্দাম বাহিনীর নিক্ষিপ্ত অসংখ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে জর্জরিত ইরানি জনগণকে রক্ষা করতেই তেহরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ঘটাচ্ছে বলেও জানান জারিফ।
এমআর





