তেহরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মধ্যকার রোডম্যাপ সংক্রান্ত গোপন তথ্য মার্কিন সিনেটকে দেয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।

গোপন এ তথ্য আমেরিকার হাতে তুলে দেয়া হলে তার কঠোর প্রতিক্রিয়া হবে বলে আইএইএকে জানিয়ে দিয়েছে ইরান। আইএইএ’তে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা নাজাফি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেছেন, ইরান এবং আইএইএ’র মধ্যকার গোপন চুক্তিপত্র মার্কিন সরকার বা সিনেটকে দেয়া যাবে না।

তিনি বলেন, জাতিসংঘের একটি সংস্থার সঙ্গে যখন কোনো দেশ চুক্তি করে তা অবশ্যই গোপনীয় এবং এ চুক্তিপত্র অন্য কোনো দেশকে দেয়া যায় না।

আইএইএ প্রধান ইউকিয়া আমানোর আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরের কথা রয়েছে। মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন সফর করবেন তিনি।

পরমাণু সংক্রান্ত ইরানের পদক্ষেপ যাচাই ও নজরদারিতে আইএইএ'র ভূমিকা তুলে ধরার জন্য এ বৈঠক করবেন আমানো।

তেহরানের পরমাণু কর্মসূচির অতীত এবং বর্তমান ইস্যুগুলো নিরসনে গত ১৪ জুলাই ভিয়েনায় ইরানের সঙ্গে রোডম্যাপ সই করেছে আইএইএ।

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যৌথ চূড়ান্ত কর্ম পরিকল্পনা বা জেসিপিও হিসেবে পরিচিত সমঝোতা সই করার দিনটিতেই আইএইএ’র সঙ্গে এ চুক্তি সই করা হয়।

এসএইচ