বিশ্ব ছয় শক্তির সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় আড়িপাতার অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। ইসরাইলের এই গোয়েন্দাগিরিতে আমেরিকা অসন্তুষ্ট বলেও জানানো হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে।
ইসরাইলের এই গোয়েন্দাগিরির তথ্য ফাস করে দিয়েছে প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট পত্রিকা। তবে, ইসরাইল গোয়েন্দাগিরির এই অভিযোগ অস্বীকার করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে বিবিসি।
মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ছয় পরাশক্তির সঙ্গে ইরান যখন একটি পরমাণু চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে তখনই ইসরাইলের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেল। ইসরাইল চায় না এই চুক্তি হোক। বিভিন্ন সময়ে ইসরাইলের এই মনোভাব প্রকাশ পেয়েছে। ইসরাইলের আশংকা এই চুক্তি হলে ইরান পারমাণবিক বোমার অধিকারী হবে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরাইলের এরকম গোয়েন্দাগিরিতে হোয়াইট হাউজ ক্রুদ্ধ। মার্কিন অনেক আইনপ্রণেতার মাধ্যমে ইসরাইল গোপন তথ্য জানার চেষ্টা করছে বলেও হোয়াইট হাউজ অভিযোগ করে। উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের বিরোধী দলীয় অনেক রিপাবলিকান কংগ্রেসম্যানও চায় না ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হোক। এমনকি ইরানকে এই হুমকিও দিয়ে রেখেছে এসব রিপাবলিকান যে, তারা ক্ষমতায় গেলে চুক্তি বাতিল করা হবে।
চলতি মাসের শুরুর দিকেই ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন কংগ্রেসকে বলেন, যে চুক্তির ব্যাপারে কথাবার্তা হচ্ছে এটি হলে ইরানকে পারমাণবিক বোমা বানানোর পথ করে দেয়া হবে। কিন্তু পারমাণবিক চুক্তির লক্ষ্যই হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, আর এর বিনিময়ে ইরানের উপর থেকে পশ্চিমা দেশগুলোর সব ধরনের অবরোধ তুলে নেয়া হবে।
ইসরাইল যদিও ইরানের সঙ্গে আলোচনার কোন পক্ষ নয়, কিন্তু দেশটি ইরানের পারমাণবিক অস্ত্রধারণকে নিজের অস্তিত্বের জন্যে হুমকি মনে করে।
চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই চুক্তির একটি ফ্রেমওয়ার্ক তৈরির সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে এই ফ্রেমওয়ার্কের ভিত্তিতে চূড়ান্ত চুক্তি হবে।
এমএ





