বুধবার (২৮ অক্টোবর) তুরস্কের যোগাযোগ অধিদপ্তর দুই নেতার ফোনালাপের বিষয়টি জানায়। খবর টিআরটির।
ফোনালাপে এরদোগান বলেন, আগামী বছর তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে কাজ করবে আঙ্কারা।
হরমুজ প্রণালি ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলোচনা
এরদোগান জানান, হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক এবং মক্কাভিত্তিক যৌথ প্রতিরক্ষা জোটের অংশীদাররা। এসব সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতেও কাজ করছে তারা।
আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তুরস্কের প্রেসিডেন্ট।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ
ফোনালাপে এরদোগান আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু এবং আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় সহযোগিতা দিতে প্রস্তুত তুরস্ক।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, সংঘাত নিরসনে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনাকে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে আঙ্কারা।
ফোনালাপে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এরদোগান ও দেশটির জনগণকে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ ছাড়া অর্গানাইজেশন অব তুর্কিস স্টেটসের আসন্ন সম্মেলন সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুই নেতার এই ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক সংকট মোকাবিলা ও আন্তর্জাতিক সংঘাত নিরসনে কূটনৈতিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এস
















