গাজায় ইসরাইলের রক্তাক্ত অভিযানের বিষয়ে যারা সমালোচনা করছে, তাদের মুখ বন্ধ করতে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নিজ দলের সদস্য ও উপ প্রতিরক্ষামন্ত্রী ড্যানি ড্যাননকে বরখাস্ত করেছেন তিনি। 

জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী, অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানোর বিষয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের প্রকাশ্য সমালোচনা করায় ড্যাননেক বরখাস্ত করা হয়েছে।

মিশরের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার সিদ্ধান্তকেও সমালোচনা করেন লিকুদ পার্টির এই তরুণ নেতা। তিনি বলেন, যুদ্ধবিরতি মেনে নিয়ে পরে তা আবার ভেঙে ফেলায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অভিযানের বিরুদ্ধে আবার কথা বলার সুযোগ পাচ্ছে।

ড্যাননের এসব বক্তব্যকে নেতানিয়াহু মারাত্মক রকমের দায়িত্বহীনতা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, গাজায় চলমান সামরিক অভিযানের মধ্যেই এর বিরুদ্ধে কথা বলায় ব্যক্তিগতভাবে তিনি উপ প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

নেতানিয়াহুর ভাষায়, " তার কঠোর বক্তব্যগুলোকে হামাস ইসরাইলের বিরুদ্ধে ব্যবহার করেছে। এটা তার দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ করে।" সূত্র: জেরুজালেম পোস্ট।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //  টিআই।