বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেল ভারতের বায়টেকের তৈরি করা করোনা ভাইরাসের টিকা কোভ্যাকসিন। বুধবার (৩ নভেম্বর) এ ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক টুইটার পোস্টে বলা হয়, ‘কোভ্যাকসিনকে জরুরি ব্যবহারের তালিকাভুক্ত করেছে ডব্লিউএইচও। এর ফলে কোভিড-১৯ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ভ্যাকসিনের ক্রমবর্ধমান তালিকায় যুক্ত হলো কোভ্যাক্সিন।’
প্রায় সাত মাস ধরে কঠোর পর্যালোচনার পর করোনার এই টিকাটি জরুরি ব্যবহারের অনুমোদন পেল। কোভ্যাকসিনের অনুমোদন কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দেওয়া হচ্ছে না, তা নিয়ে বেশ জল্পনা হয়। কোভ্যাকসিন অনুমোদন না পেলে, ভারত থেকে ইউরোপ, আমেরিকার মতো দেশগুলোতে ভারতীয়রা প্রবেশ করতে পারছিলেন না। এতে ভারতীয়দের পাশাপাশি দেশটিতে পড়তে আসা শিক্ষার্থীদেরও বেশ সমস্যা পড়তে হচ্ছিল।
ভারতের ১৪ কোটি ১২ লাখ মানুষ এই ভ্যাকসিন গ্রহণ করেছেন। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাওয়ায় এই টিকা যারা নিয়েছেন বা নেবেন তাদেরকে বিদেশ সফরে গেলে কোয়ারেন্টাইন বা করোনার বিধিনিষেধের আওয়তায় পড়তে হবে না। সূত্র: এনডিটিভি।
এবিএস





