মিশিগান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ‘সুইং স্টেট’—যেখানে কোনো একটি দলের স্থায়ী আধিপত্য নেই। ফলে রাজ্যটির সিনেট নির্বাচনে আল-সাইয়েদের জয় জাতীয় রাজনীতিতেও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
মিশরীয় অভিবাসী দম্পতির সন্তান আল-সাইয়েদ জনস্বাস্থ্য খাতে কাজ করেছেন। এর আগে তিনি কোনো নির্বাচিত পদে দায়িত্ব পালন করেননি। আট বছর আগে মিশিগানের গভর্নর পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে হেরেছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এবার সিনেট নির্বাচনে জয় পেলেন তিনি।
ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচন ও সাধারণ নির্বাচন—দুই পর্যায়েই প্রতিপক্ষের বিপুল অর্থ ব্যয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে তাঁকে। তৃণমূল পর্যায়ের প্রচারণাকে ভিত্তি করে গড়ে ওঠা তাঁর নির্বাচনী কর্মসূচিতে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নির্বাচনে বড় অর্থের প্রভাব কমানো এবং ইসরায়েলি নীতির কঠোর সমালোচনা গুরুত্ব পেয়েছে।
আল-সাইয়েদের এই জয় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল রাজনীতির পক্ষে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে। তাঁর প্রচারণায় স্বাস্থ্যসেবা ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।
রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স এর আগে কংগ্রেস সদস্য ছিলেন। দুই বছর আগে সিনেট নির্বাচনে তৎকালীন প্রতিনিধি এলিসা স্লটকিনের কাছে অল্প ব্যবধানে হেরেছিলেন তিনি। এবারও নির্বাচনী প্রচারণায় তাঁকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন বজায় রাখার পাশাপাশি ইরান যুদ্ধের কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে ভোটারদের উদ্বেগ সামাল দিতে হয়েছে রজার্সকে।
আল-সাইয়েদের নির্বাচনী পথও মসৃণ ছিল না। নিজ দলের ভেতর থেকেই বিরোধিতার মুখে পড়েন তিনি। ডেমোক্রেটিক প্রাইমারিতে তাঁর কাছে পরাজিত হওয়া হ্যালি স্টিভেনস নির্বাচনের মাত্র দুই দিন আগে রজার্সের প্রতি সমর্থন জানান। সাধারণত দলীয় প্রার্থীকে সমর্থন দেওয়ার রীতি থাকলেও স্টিভেনসের এই অবস্থান আল-সাইয়েদের প্রচারণায় নতুন চ্যালেঞ্জ তৈরি করে।
নির্বাচনী প্রচারণায় আল-সাইয়েদের ধর্মীয় পরিচয় নিয়েও আক্রমণ করা হয়। প্রতিপক্ষ শিবিরের কয়েকজন তাঁকে ‘জঙ্গি’ ও ‘জিহাদি’ বলে আখ্যা দেন। প্রেসিডেন্ট ট্রাম্পও তাঁর বিরুদ্ধে কটাক্ষ করেন। তবে আল-সাইয়েদ এসব আক্রমণের জবাবে মিশিগানের মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার সমস্যা সমাধানের প্রতিশ্রুতিকে সামনে রাখেন।
প্রচারণায় তিনি বারবার বলেছেন, মুসলিম সিনেটর হওয়ার জন্য নয়, মিশিগানের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুটি কক্ষের একটি সিনেট, অন্যটি প্রতিনিধি পরিষদ। সিনেট দেশটির আইনসভার উচ্চকক্ষ। ৫০টি অঙ্গরাজ্য থেকে দুজন করে মোট ১০০ জন সিনেটর নির্বাচিত হন। তাঁদের মেয়াদ ছয় বছর। প্রতি দুই বছর পরপর সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এস
















