প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন ইহুদি নেতাদেরকে বলেছেন যে ইরানের সঙ্গে পারমানবিক চুক্তি আটকে দিয়ে সেনা অভিযান শুরু করলে সম্ভবত তেল আবিবের উপরই রকেট হামলা হত। বুধবার এক ইহুদি নেতা এ কথা জানিয়েছেন।

একটি ভিডিও কনফারেন্সে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ১৪ জুলাইয়ের চুক্তির তীব্র বিরোধিতা করে এর বিপক্ষে কাজ করার জন্য ইহুদিদেরকে অনুরোধ করেছেন।

ওবামা প্রশাসন জানিয়েছে যে ইরানে সঙ্গে সম্ভাব্য যুদ্ধ এড়াতে এই চুক্তি করা হয়েছে। কিন্তু সেটি মানতে নারাজ নেতানিয়াহু।

আগামী সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেসে এই চুক্তির বিষয় ভোটাভুটি হবে। এর মধ্যে দিয়ে জানা যাবে, যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করবে কিনা।

তবে নেতানিয়াহুর নির্দেশে মার্কিন ইহুদিরা এই চুক্তির বিপক্ষে কাজ করতে শুরু করেছে।

মঙ্গলবার ২০ সদস্যের মার্কিন একটি ইহুদি দল হোয়াইট হাউসে ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জাতীয ইহুদি গণতান্ত্রিক পরিষদের সদস্য ক্রেগ রোসেনবাম ওবামার উদ্ধৃতি দিয়ে বলেছেন, "তিনি বলেছেন যে ইরানের পারমানবিক সুবিধার বিরুদ্ধে সেনা অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধ করতে ডেকে আনতে পারে না।"

তিনি ওবামার বরাত দিয়ে আরো বলেন, " যদি ইরানের উপর সেনা অভিযান চালানো হয়, সন্ত্রাসীকে আরো সমর্থন দিতে দেখবেন। দেখবেন হিজবুল্লাহর রকেট তেল আবিবের উপর পড়ছে।"

জেডআই