বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। বইটির লেখকের সাংবাদিকতা জীবনের ৩৪টি উল্লেখযোগ্য ঘটনার গল্প নিয়ে ‘যাপিত জীবনের গল্প’ বইটির প্রথম খণ্ড সাজানো হয়েছে। গল্পগুলোতে সত্য তুলে ধরতে বিন্দুমাত্র পিছপা হননি লেখক।
বর্তমানে বইটি ছাপানোর প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী সপ্তাহে (১৬-১৭ ফেব্রুয়ারি) বইটি মেলায় আসতে পারে বলে জানিয়েছে ঝুমঝুমি প্রকাশন।
লেখক মনিরুজ্জামান উজ্জ্বল সাংবাদিকতা পেশায় দুই যুগেরও বেশি সময় কাটিয়ে দিলেও এটাই তার প্রথম বই। বইটিতে লেখক সাংবাদিকতা পেশার সুখ-দুঃখ হাসি-কান্না, প্রিয়-অপ্রিয় ও বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি গ্রাম ও শহুরে জীবনের নানা বাস্তব ঘটনা পাঠকদের সামনে তুলে ধরেছেন।
অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণীর মাধ্যমে মনিরুজ্জামান উজ্জ্বলের সাংবাদিকতার পথচলা শুরু। পরে দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তর ও দৈনিক সমকাল অপরাধ ও স্বাস্থ্যবিষয়ক রিপোর্টিংয়ে বেশ দক্ষতার সঙ্গে সুনাম কুড়িয়েছেন। তিনি ইংরেজি জাতীয় দৈনিক ‘ঢাকা ট্রিবিউন’-এ দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেন।
মনিরুজ্জামান উজ্জ্বল বর্তমানে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ ২৪ ডটকমে প্ল্যানিং এডিটর হিসেবে কর্মরত আছেন।





