পানি দেবেন বুঝে শুনে

গরমে গাছের পানি চাহিদা বাড়ে ঠিকই, কিন্তু অতিরিক্ত পানি দেয়াও ক্ষতিকর। অনেক সময় টবের মাটি ভিজে থাকলেও ওপরে শুকনো দেখায়। তাই পানি দেয়ার আগে আঙুল দিয়ে মাটি একটু পরীক্ষা করুন। মাটি এক থেকে দুই ইঞ্চি গভীর পর্যন্ত শুকিয়ে গেলে তবেই পানি দিন।

সকালে খুব ভোরে অথবা বিকেলের পরে পানি দেয়া সবচেয়ে ভালো। দুপুরের গরমে পানি দিলে দ্রুত বাষ্প হয়ে যায়, আবার কিছু ক্ষেত্রে শিকড়ও ক্ষতিগ্রস্ত হতে পারে।

সরাসরি রোদ থেকে দূরে রাখুন

সব ইনডোর প্ল্যান্ট রোদ সহ্য করতে পারে না। বিশেষ করে মানিপ্ল্যান্ট, পিস লিলি, স্নেক প্ল্যান্ট বা স্পাইডার প্ল্যান্টের মতো গাছ তীব্র রোদে পাতায় পোড়া দাগ ফেলে। জানালার পাশে রাখলেও পাতলা পর্দা ব্যবহার করতে পারেন, যাতে আলো আসে কিন্তু সরাসরি রোদ না লাগে।

পাতায় জমে থাকা ধুলা পরিষ্কার করুন

গরমে ধুলাবালি বেশি উড়ে। ফলে গাছের পাতায় ধুলা জমে যায়, যা গাছের শ্বাস-প্রশ্বাস ও খাদ্য তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। সপ্তাহে অন্তত একদিন নরম ভেজা কাপড় দিয়ে পাতাগুলো মুছে দিন। এতে গাছ দেখতে যেমন সতেজ লাগবে, তেমনি দ্রুত বাড়বেও।

ঘরের আর্দ্রতা বজায় রাখুন

এসি বা অতিরিক্ত গরম বাতাসে ঘরের আর্দ্রতা কমে যায়। এতে কিছু গাছের পাতা কুঁচকে যেতে পারে। এজন্য মাঝে মাঝে স্প্রে বোতলে পানি নিয়ে পাতায় হালকা মিস্ট করতে পারেন। তবে খুব বেশি ভেজাবেন না, এতে ছত্রাকের ঝুঁকি বাড়ে।

আরেকটি সহজ উপায় হলো, একসঙ্গে কয়েকটি গাছ কাছাকাছি রাখা। এতে চারপাশে স্বাভাবিকভাবেই আর্দ্রতা কিছুটা বজায় থাকে।

টবের ড্রেনেজ ঠিক আছে কি না দেখুন

গরমে অনেকে বেশি পানি দেন, কিন্তু টবের নিচে পানি বের হওয়ার ব্যবস্থা না থাকলে শিকড় পচে যেতে পারে। তাই টবের ছিদ্র ঠিক আছে কি না নিয়মিত পরীক্ষা করুন। টবের নিচে জমে থাকা অতিরিক্ত পানিও ফেলে দিন।

সার ব্যবহারেও সতর্ক থাকুন

গরমের সময় অতিরিক্ত সার গাছের জন্য চাপ তৈরি করতে পারে। বিশেষ করে দুপুরের গরমে সার দিলে শিকড় পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই খুব প্রয়োজন না হলে এই সময়ে হালকা জৈব সার ব্যবহার করুন এবং সন্ধ্যার দিকে প্রয়োগ করুন।

হঠাৎ স্থান পরিবর্তন করবেন না

অনেকেই গরমে গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে ফেলেন। কিন্তু বারবার পরিবেশ বদলালে গাছ স্ট্রেসে পড়ে যায়। আলো-বাতাস ঠিক থাকলে একই জায়গায় স্থির রাখাই ভালো।

ইনডোর প্ল্যান্টশুধু ঘরের সৌন্দর্য বাড়ায় না, মনও ভালো রাখে। ব্যস্ত দিনের শেষে সবুজ পাতার দিকে তাকালে যেমন চোখ জুড়িয়ে যায়, তেমনি ঘরের পরিবেশও হয়ে ওঠে শান্ত। তাই গরমে একটু যত্ন নিলেই আপনার ছোট্ট ইনডোর প্ল্যান্টগুলোও থাকবে প্রাণবন্ত ও সতেজ।

এমএম