ভালো ইংরেজি জানলে আপনার জন্য একটি ভালো ক্যারিয়ার গড়া কেবল সময়ের ব্যাপার।

তাই জেনে নিন ইংরেজিতে দক্ষ হয়ে ওঠার কিছু সহজ উপায়-

(১) ভিডিও রেকর্ড করুন :

যেকোনো একটি বিষয় নির্বাচন করে আপনার নোটবুকে সেই বিষয় সম্পর্কে লিখুন। তারপর যা লিখেছেন তা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করুন। রেকর্ড করা হলে তা শুনুন এবং আপনার ভুলগুলো বিশ্লেষণ করুন।

প্রতিদিন এভাবে করতে থাকলে ধীরে ধীরে উন্নতি করতে পারবেন। এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। কারণ এই চর্চার মাধ্যমে নিখুঁতভাবে ইংরেজি ভাষা রপ্ত করা সম্ভব।

(২) বলার আগে ভাবুন :

না বুঝেই কথা না বলে প্রথমে থেমে মনে মনে ভাবুন, তারপর বলুন। এটি আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে কাজে দেবে। কথা বলার আগে চিন্তা করলে তখন মনে মনে কথাগুলো গুছিয়ে নিতে পারবেন। কী বললে ভুল বা ঠিক হবে, তা সহজেই অনুধাবন করতে পারবেন। তাই বলার আগে চিন্তা করে বলুন।

(৩) ইংরেজি সংবাদপত্র পড়া শুরু করুন :

যদি আপনি ধারাবাহিকভাবে ইংরেজি সংবাদপত্র পড়েন, এটি আপনার জন্য ১০০% কাজ করবে। এক মাসের মধ্যে আপনি নিজের পরিবর্তন দেখতে শুরু করবেন। শুরুতে কিছুটা পানসে মনে হতে পারে বা কিছুই বুঝতে পারছেন না এমন মনে হতে পারে। তবে পড়তে শুরু করার কিছুদিন পরই পড়ার আনন্দ বুঝতে পারবেন। এতে নতুন নতুন শব্দ তো শিখবেনই, ইংরেজি ভাষার নানা ব্যবহারও আয়ত্ব করতে পারবেন।

(৪) আয়নার সামনে অনুশীলন করুন :

বেশিরভাগ মানুষই নিজের মুখোমুখি হতে ভয় পায়। এ ধরনের মানুষের ক্যামেরাভীতিও থাকে। তাই আত্মবিশ্বাস বাড়াতে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন।

কীভাবে উচ্চারণ করছেন, আপনার অঙ্গভঙ্গি, হাসি ও শারীরিক ভাষাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে শিখুন। শুদ্ধভাবে ইংরেজি বলতে ও বুঝতে পারার যোগ্যতা রপ্ত করার চেষ্টা করুন।

(৫) পড়ুন, পড়ুন এবং পড়ুন :

ইংরেজি বই পড়লে বইয়ে থাকা শব্দগুলো নদীর মতো প্রবাহিত হবে। এটি সহজ কাজ নয়। তাই গল্পের বই দিয়ে পড়া শুরু করলে এটি আপনার পড়ার প্রতি আগ্রহ তৈরি করবে।

প্রথম মাসে পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য শুধু ছোট ইংরেজি গল্প পড়ুন। এরপর উপন্যাস, নন-ফিকশন এবং আরও কিছু পড়তে থাকুন। এতে পড়ার জগৎ থেকে আপনার ভাবনার জগৎও তৈরি হবে।

ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য আপনাকে প্রতিদিন ১ ঘণ্টা সময় দিতে হবে। একটি ভিডিও লেখা এবং রেকর্ড করতে ১৫ মিনিট, সংবাদপত্র পড়তে ১৫ মিনিট, একটি ছোট গল্প পড়তে ১৫ মিনিট এবং আয়নার সামনে অনুশীলন করতে ১৫ মিনিট।

আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান, তবে অবশ্যই কমফোর্ট জোনের বাইরে কিছু করতে হবে। সুতরাং সমস্ত অলসতা ঝেড়ে আজ থেকে শুরু করুন!

এন