অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে দেহ-মন সম্পর্ক নিয়ে রাশিদা আখতার খানমের লেখা বই ‘মনোদর্শন’। একুশে ফেব্রুয়ারি মঙ্গলবার বইটি প্রকাশ করেছে জাতীয় সাহিত্য প্রকাশ। ছাত্র-ছাত্রীদের জন্য উৎসর্গকৃত এই বইয়ের প্রচ্ছদ তৈরি করেছেন ড. গালিব আহসান খান।

বইটিতে দেহ-মন সম্পর্কিত সমস্যাগুলোর প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়েছে, স্থান পেয়েছে জ্ঞানগর্ভ আলোচানও। দর্শন, মনোবিজ্ঞান, স্নায়ুবিদ্যা, পদার্থবিদ্যা ইত্যাকার দৃষ্টিকোন থেকে সীমিত আকারে বাংলা ভাষায় মনোদর্শনকে সহজ করে পরিচিত করার চেষ্টা রয়েছে গ্রন্থে। তাই বিভিন্ন অধ্যায়ের আলোচনা শুধু দর্শনের অনুরাগী নয় জ্ঞানের অনুরাগীদের কৌতূহল মেটাতেও সহায়ক হবে বইটি।

রাশিদা আখতার খানম ঢাকার বিখ্যাত কামরুন্নেসা গার্লস হাই স্কুল থেকে ১৯৬৫ সালে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে ১৯৬৭ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে বিএ অনার্স ও ১৯৭১ সালে এমএ ডিগ্রি লাভ করেন।

পরবর্তীতে ১৯৮২ সালে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে দীর্ঘ দিন শিক্ষকতা করে ২০১৬ সালের জুলাই মাস থেকে তিনি অবসর গ্রহণ করেন।

রাশিদা আখতার খানমের লেখা ‘মনোদর্শন’ বইটি এবারের একুশে বইমেলার ১৪০ ও ১৪১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এরআগে ‘নারীবাদ’ ও ‘পরিবেশ নীতিবিদ্যা’সহ আরো ৪টি বই প্রকাশ করেছেন রাশিদা আখতার খানম।

এমএনজে