যুক্তরাষ্ট্রের ১ লাখ ৭০ হাজার রোগীর স্বাস্থ্য রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে, যারা GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট (যেমন: Ozempic, Wegovy ও Zepbound) নামক ওষুধ নিয়েছেন, তাদের মধ্যে স্থূলতা-সম্পর্কিত ক্যান্সারের ঝুঁকি ৭ শতাংশ কমেছে। এছাড়া যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকি কমেছে ৮ শতাংশ পর্যন্ত। এই তথ্য তুলনামূলকভাবে সেইসব রোগীর সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে যারা Sitagliptin-এর মতো ওজন-অসংশ্লিষ্ট ডায়াবেটিসের ওষুধ নিয়েছেন।
এই গবেষণার নেতৃত্ব দেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গ্রসম্যান স্কুল অব মেডিসিনের মেডিকেল ছাত্র লুকাস মাভ্রোমাটিস। গবেষণাটি অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএইচ)। গবেষণার ফলাফল সম্প্রতি আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অঙ্কোলজির বার্ষিক সম্মেলনের আগেই প্রকাশ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এটি সরাসরি কারণ-ফলাফল নির্ধারণ করে না, তবে স্পষ্টভাবে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দিক ইঙ্গিত করে। গবেষণায় দেখা গেছে, নারীদের ক্ষেত্রে এই ওষুধগুলোর প্রভাব বেশি কার্যকর হলেও পুরুষদের ক্ষেত্রে তা পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ ছিল না। এ বিষয়টিতে ওষুধের রক্তে শোষণ মাত্রা, হরমোন, বিপাকক্রিয়া বা ওজন হ্রাসের পার্থক্য ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হিউস্টনের এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ড. আর্নেস্ট হক বলেন, ‘এই গবেষণা বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা-এটি আরও বৃহৎ এবং গভীর গবেষণার দাবি রাখে।’
GLP-1 ওষুধগুলো মূলত ক্ষুধা এবং পরিপূর্ণতার অনুভূতি নিয়ন্ত্রণ করে। যদিও এগুলোর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া-যেমন বমি বমি ভাব ও পেটব্যথা-থাকতে পারে, তথাপি এখন প্রশ্ন উঠছে, এগুলো ক্যান্সার প্রতিরোধের অতিরিক্ত সুবিধাও দিতে পারে কি না।
গবেষণা দলের মতে, স্থূলতা ও দীর্ঘস্থায়ী রোগের মধ্যকার জটিল সম্পর্ক বুঝতে এই ফলাফল নতুন দিগন্তের উন্মোচন করেছে। এখন প্রয়োজন আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদী গবেষণা, যা ভবিষ্যতের চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় দিকনির্দেশনা দিতে পারে।
এমএম





