স্টার জলসা দেখতে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে রিয়া আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
শুক্রবার সকাল ৬টার দিকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রিয়া কিশোরগঞ্জের তাড়াইল এলাকার মাহাবুবুর রহমানের মেয়ে। সে প্রি ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল।
রবিবার বাদে প্রতিদিন রাতে ভারতীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার জলসায় বিভিন্ন ধারাবাহিক নাটক প্রচার হয়।
রিয়ার বাবা মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৯টায় স্টার জলসা দেখার জন্য তার মেয়ে টেলিভিশন চালু করে। এ সময় তার মা নাটক না দেখে তাকে পড়তে বলে টেলিভিশন বন্ধ করে দেন। এ নিয়ে মা-মেয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়।

তিনি বলেন, ‘এক পর্যায়ে রিয়া আমার হার্টঅ্যাট্যাকের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।’ জানা যায়, সেখানে তার অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





