নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন সাংবাদিক কুলদীপ নায়ার।  যদি তিনি প্রধানমন্ত্রী হনও তাহলে বাংলাদেশের জন্য কোন সমস্যা হবে না বলে মনে করেন এ বিখ্যাত সাংবাদিক।
শনিবার গুলশানের হোটেল লেকশোতে ‘ভারতের নির্বাচন-২০১৪: বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
কুলদীপ নায়ার বলেন, গণতন্ত্র কারও একক বিষয় নয়। ভারতের সংবিধানে সবার ওপরে গণতন্ত্র। গণতন্ত্র মানে বহুতন্ত্রবাদ। তাই মোদী একা চাইলেই তেমন কিছু করতে পারবে না।
তিনি মনে করেন, এ নির্বাচনে সহজেই কেউ ভারতে সরকার গঠন করতে পারছেন না। কারণ লোকসভার ৫৪৩ আসনের ২৭৩টি এককভাবে পাওয়া সম্ভব হবে না কোন দলেরই। এ ক্ষেত্রে যেই সরকার গঠন করবে তাকেই জোটের শরণাপন্ন হতেই হবে।
ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে দেশে ফেরত পাঠানো হবে বলে মোদীর যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে কুলদীপ নায়ার বলেন, এটি তার রাজনৈতিক বক্তব্য। তিনি চাইলেই এটি বাস্তবায়ন করতে পারবেন না। কারণ বাংলাদেশের যে মানুষরা এখন ভারতে থাকে, তারা ভারতকে ধারণ করে।
তিনি বলেন, সাম্প্রদায়িকতা শুধু ভারত নয়, পাকিস্তান এবং বাংলাদেশেও রয়েছে। গত কয়েক বছরে সাম্প্রদায়ীকতা বাংলাদেশে শক্তিশালীভাবে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারেনি।
ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ কর্তৃক আয়োজিত এ গোলটেবিল আলচনায় আরও আলোচনা রাখেন ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও পিস অ্যান্ড কনফ্লিক্ট ইন্সটিটিউট অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা দীপঙ্কর ব্যানার্জী, বিনা সিক্রি, দেব মুখার্জী, ব্যবসায়ী নেতা আনিসুল হক, কূটনীতিক শফিউল্লাহ, ওয়ালিউর রহমান , ব্যারিস্টার আমিরুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]