স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, এখন পর্যন্ত সারাদেশে ৮ হাজার ২৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়া এই রোগীদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন।
তিনি আরও জানান, এই ৮০০ জনের কোনও লক্ষণ-উপসর্গ নেই। সেই হিসাবে মোট শনাক্তের ৯.৭২ শতাংশের করোনার লক্ষণ-উপসর্গ নেই।
শুক্রবার (০১ মে) দেশের করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব তথ্য জানান।
নাসিমা সুলতানা বলেন, শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন। তাদের মধ্যে কোনও লক্ষণ উপসর্গ নেই। কিন্তু পরপর দু’টি টেস্ট করতে হয়, সেটির মধ্যে কারও একটি টেস্ট হয়েছে, কারও বাকি আছে। কারও কারও একটিও টেস্ট হয়নি। কারণ এটি সময়ের ব্যাপার।
তিনি আরও বলেন, লক্ষণ-উপসর্গ সম্পূর্ণ নিরাময় হওয়ার পরই আমরা এই রিপিট টেস্টগুলো করে থাকি। এই ৮০০ শনাক্ত রোগীরা বাসায় আছেন এবং কিছু হাসপাতালে আছেন, তাদের কোনও লক্ষণ-উপসর্গ নেই।
এমবি





